সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ | সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বন্ধকী সম্পত্তি প্রকৃত বাজারদরের চেয়ে বহু কম মূল্যে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ভুক্তভোগীর মর্টগেজ রাখা সম্পত্তি নামমাত্র দামে নিলামে বিক্রি দেখিয়ে বিশাল অঙ্কের এই অর্থ আত্মসাৎ করা হয়। দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
নথি অনুযায়ী, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি তদন্তের জন্য দুদকে পাঠানো হলে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ভুক্তভোগী নিজেই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ একটি মামলা দায়ের করেন। গুলশান থানার সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬) হিসেবে এটি নথিভুক্ত রয়েছে।
এদিকে দুদকের অনুসন্ধানের মধ্যেই এমডি মাসরুর আরেফিনের বিদেশযাত্রার খবর নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে ব্যাংকের পক্ষ থেকে এটিকে নিয়মিত অফিসিয়াল সফর হিসেবে দাবি করা হয়েছে। সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানান, মাসরুর আরেফিন দাপ্তরিক কাজে ২২ নভেম্বর কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। প্রয়োজনীয় অনুমতি নিয়ে এবং দুদককেও অবহিত করেই তিনি সফরে যাচ্ছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুসন্ধান চলাকালে যেকোনো সময় তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আসতে পারে। তবে ইতোমধ্যে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি হয়েছে কিনা তা দুদক থেকে নিশ্চিত করা যায়নি। পাশাপাশি অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে যেকোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে সংশ্লিষ্ট শাখাকে তাৎক্ষণিক অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন সম্প্রতি পুনর্নিয়োগ পেয়েছেন। তাঁর পাশাপাশি সিটি ব্যাংকের আরও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগও আলাদাভাবে অনুসন্ধান করছে দুদক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
১২ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩
১৯ ঘন্টা আগে
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর
২১ ঘন্টা আগে