সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চাহিদা ছাড়া বিভাগ খুলে বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা করা যাবে না | শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রমবাজারের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কর্মসংস্থানের চাহিদা বিবেচনা না করে নতুন বিভাগ চালু করার মাধ্যমে বেকারত্ব বাড়ানো যাবে না। বিশ্ববিদ্যালয়গুলোকে বেকার তৈরির কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না। কর্মক্ষেত্রে প্রয়োজন নেই, এমন নতুন বিভাগ চালুর অনুমোদন দেওয়া থেকেও সংশ্লিষ্টদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স।
বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় বাজেটের অভাব নেই। তবে সেই বাজেট সঠিক জায়গায় কীভাবে ব্যবহার হবে এবং কোন কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। অতীতের রাজনীতি ও সুবিধার বিবেচনায় খোলা অপ্রয়োজনীয় বিভাগগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) বর্তমান বাজার চাহিদাহীন কোনো বিভাগের অনুমোদন না দেওয়ার আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে বেকারত্ব হ্রাসের একটি পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা ও তালিকা চাওয়া হলেও গত ৯ মাসেও তা তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার পরিকল্পনা থাকলেও বাস্তবে বেকার তৈরির কার্যক্রম পরিচালনার জন্যই অর্থ সংস্থান করতে হচ্ছে।
দেশের প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরে শিক্ষক সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভর করতে হলেও চাহিদামতো জনবল পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বাস্তব চাহিদার সাথে পাঠ্যক্রম, গবেষণা ও শিক্ষার গুণগত মান উন্নত করে শিক্ষাব্যবস্থাকে শিল্প খাতের সাথে যুক্ত করার বিকল্প নেই। ডিগ্রিপ্রদানের মানসিকতা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করার পরামর্শ দেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুললো কর্তৃপক্ষ
২২ ঘন্টা আগে
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা
৪ দিন আগে
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
৪ দিন আগে