সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দেরিতে শীতের আগমন | খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে
স্টাফ রিপোর্টার:
প্রকৃতিতে এখন শীতের মৃদু আবহাওয়া। ভোরের শীতল বাতাস হেমন্তের বিদায় ও শীতের আগমনী বার্তা নিয়ে আসছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার শীতের আগমন কিছুটা দেরিতে হওয়ায় বৃহত্তর যশোর অঞ্চলের (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা) খেজুর গাছ কাটার কারিগর বা গাছিদের মধ্যে এক ধরনের হতাশা দেখা গিয়েছিল। শীতকাল মূলত পৌষ-মাঘ মাস হলেও, হেমন্তের শেষ থেকেই খেজুর রস সংগ্রহের কাজ শুরু হয়ে যায়।
গাছিরা আশ্বিন বা কার্তিক মাসের শুরুতেই গাছ তুলে রস সংগ্রহের জন্য প্রস্তুত করে রাখেন। কিন্তু শীতের তীব্রতার সঙ্গেই খেজুর রসের নিবিড় সম্পর্ক। পর্যাপ্ত শীত না পড়লে রস সেভাবে ঝরে না। তাই শীতের বিলম্ব গাছিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। বর্তমানে আবহাওয়া কিছুটা শীতল হওয়ায় রস সংগ্রহে পুরোদমে ব্যস্ততা শুরু হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়ে ফাল্গুন বা কখনো চৈত্র মাস পর্যন্ত গাছিরা খেজুর রস সংগ্রহ করে গুড় ও পাটালি তৈরি করেন।
শীতকাল এলেই পেশাদার গাছিদের যেন নাওয়া-খাওয়ার সময় থাকে না। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে গাছ থেকে রসের ভাঁড় নামানো, রস ছেঁকে তা জ্বাল দিয়ে গুড় বা পাটালি তৈরি করা, এরপর সেগুলো বাজারে বিক্রি করতে যাওয়া— এই সব কাজ চলে অবিরাম। আবার দুপুরে এসে গাছ কেটে নতুন রসের জন্য প্রস্তুত করা, ভাঁড় পরিষ্কার করে আগুনে পুড়িয়ে নেওয়া ইত্যাদি কাজে পরিবারের সদস্যরাও সমানভাবে সহযোগিতা করেন। ফলে শীত মৌসুমে গাছি পরিবারগুলোতে দ্বিগুণ ব্যস্ততা লক্ষ্য করা যায়।
খেজুর রস, গুড় এবং পাটালি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও আকর্ষণীয় একটি খাদ্যপণ্য। খেজুর রসের পাটালি তার সুস্বাদুতার জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়া এই গুড় দিয়ে শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে নানা ধরনের পিঠা-পুলি তৈরি হয়। শীতের সকালে এক বাটি খেজুর রসের ক্ষীর কিংবা সন্ধ্যার রসে তৈরি মজাদার খাবার ভোজনরসিকদের মন জয় করে নেয়। তাই প্রতি বছর শীতকালে নলেন গুড় ও পাটালি সবার নজর কাড়ে এবং নানান পিঠার স্মৃতি মনে করিয়ে দেয়।