সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ
ভারতে হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু মুসলিম নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় পড়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন। ভারতের নাগরিকত্ব রয়েছে দাবি করা সত্ত্বেও অনেককে আটক করা হচ্ছে এবং সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ফলে অনেকেই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছেন। এমনই একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির, যিনি গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাড়ি থেকে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরতে পারেননি। তিন মাসেরও বেশি সময় পর জানা গেছে, তিনি বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি গ্রামে আশ্রয় নিয়ে আছেন।
সাহিদার অভিযোগ অনুযায়ী, মুম্বাই পুলিশের পরিচয় দিয়ে কিছু লোক তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং গাড়িতে তুলে নিয়ে যায়। তার কাছে থাকা ফোনেই পরিচয়সংক্রান্ত জরুরি সব কাগজপত্র সংরক্ষিত ছিল। পরে রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। তবে আদালতের নথিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাহিদাসহ ১৪৯ জন কথিত বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে নিয়মমাফিক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সাহিদাকে ফিরিয়ে আনতে তার পরিবার ভারতের উচ্চ আদালতে আইনি লড়াই শুরু করেছে। তাদের নথিপত্র অনুযায়ী, ১৯৫২ সাল থেকে সাহিদার পরিবার পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন এবং ২০০৮ সাল থেকেও তার নাম ভোটার তালিকায় নিবন্ধিত ছিল।
একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ। ছত্তিশগড়ে কাজের সময় তাকে আটক করে ৩২ দিন একটি অস্থায়ী কেন্দ্রে বন্দি রাখা হয়। কেবল ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। পরে আইনি প্রক্রিয়ার মুখে তাকে মুক্তি দেওয়া হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতে সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, এ প্রক্রিয়ায় দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময় বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই ছিল মুসলিম পরিবারের। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি সমাবেশে ঘোষণা দিয়েছেন যে, অনুপ্রবেশকারীদের আগে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং পরে তাদের দেশ থেকে বিতাড়ন করা হবে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, আদালতে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তড়িঘড়ি আটক ও বিতাড়নের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।