সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স
অন্ধকারে হঠাৎ ঘুম ভাঙলে লোডশেডিংয়ের ভ্যাপসা গরমে অস্বস্তি হওয়া স্বাভাবিক। চারদিকে যখন ঘুটঘুটে অন্ধকার নেমে আসে, তখন ঘরের বাইরে এসে আকাশের দিকে তাকালে মন ভালো হয়ে যেতে পারে অসংখ্য তারার উজ্জ্বল ঝলকানিতে। কিন্তু এমন মুহূর্তে যদি আপনার পাশে থাকা ছোট্ট ছেলেটি প্রশ্ন করে, ‘আচ্ছা, রাতের আকাশটা এমন কালো কেন? রাত কেন অন্ধকার হয়?’ হয়তো আপনি হেসে উড়িয়ে দেবেন এই প্রশ্নকে। সহজ উত্তর হলো, সূর্য ডুবে যাওয়ায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না, তাই অন্ধকার। চাঁদ বা দূরবর্তী গ্রহ-নক্ষত্র সামান্য আলো দিলেও তা পুরো অন্ধকার দূর করার জন্য যথেষ্ট নয়।
কিন্তু একজন জ্যোতির্বিজ্ঞানী হয়তো এই প্রশ্নে হাসতেন না। বরং গম্ভীরভাবে বলতেন, ‘প্রশ্নটা মোটেও ছেলেমানুষি নয়! পদার্থবিজ্ঞানের হিসাব অনুযায়ী, রাতের আকাশ অন্ধকার থাকার কথা নয়। বরং এটি দিনের আকাশের চেয়েও হাজার গুণ বেশি উজ্জ্বল হওয়ার কথা ছিল!’
এই কথা শুনে অনেকেই চমকে যেতে পারেন। সূর্য ডুবে গেলেও রাতের আকাশ দিনের মতো উজ্জ্বল থাকবে, এমনটা ভাবা কঠিন। অথচ এই আপাত সরল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্বের তাবড় বিজ্ঞানীদের রীতিমতো ঘাম ছুটে গেছে। শত শত বছর ধরে তাঁরা এই ধাঁধার সমাধান করার চেষ্টা করেছেন। বিজ্ঞানের ইতিহাসে এই বিখ্যাত গোলকধাঁধাটি ‘অলবার্স প্যারাডক্স’ নামে পরিচিত। তবে এই প্যারাডক্সে প্রবেশ করার আগে রাতের আকাশের বিশালতার সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন, কারণ এর আসল রহস্য সেখানেই লুকিয়ে আছে।
আমরা যারা শহরে ব্যস্ত জীবনযাপন করি, তারা রাতের আকাশের আসল সৌন্দর্য উপভোগ করতে পারি না। শহরের নিয়ন আলো এবং বায়ুদূষণের কারণে অধিকাংশ তারাকেই দেখা যায় না। পদার্থবিদ জিম আল-খালিলি এই বিষয়টি দারুণভাবে উপলব্ধি করেছিলেন। কয়েক বছর আগে তিনি পরিবার ও বন্ধুদের নিয়ে ফ্রান্সের ম্যাসিফ সেন্ট্রালের লিমুজিনে ছুটি কাটাতে গিয়েছিলেন, যা ফ্রান্সের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। সেখানকার এক খামারবাড়িতে রাত্রিযাপনকালে বাচ্চারা ঘুমিয়ে পড়লে বড়রা বাড়ির বাইরে খোলা আকাশের নিচে গল্প করছিলেন। মাথার ওপর তখন ছিল ঝকঝকে পরিষ্কার আকাশ। ইংল্যান্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করা এই মানুষগুলো আলোকদূষণমুক্ত আকাশে লক্ষ লক্ষ তারা দেখে মুগ্ধ হয়েছিলেন।
তাদের দৃষ্টি আটকে যায় আকাশের একটি বিশাল ধোঁয়াটে আলোর রেখায়, যা দেখতে পাতলা মেঘের মতো ছিল। কিন্তু এটি মেঘ ছিল না, কারণ এর ভেতর দিয়েও দূরের তারারা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মানে, এই আলোর রেখাটি তারাদেরও পেছনে অবস্থিত! জিম আল-খালিলি বন্ধুদের ব্যাখ্যা করে বোঝান যে, তারা আসলে মিল্কিওয়ে গ্যালাক্সির মূল চাকতিটিকে পাশ থেকে দেখছেন। অবাক করার মতো বিষয় হলো, তাঁর বন্ধুদের অনেকেই জীবনে প্রথমবারের মতো খালি চোখে মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে পান।
মিল্কিওয়ে গ্যালাক্সিতে রয়েছে শত শত কোটি নক্ষত্র। তারা এত দূরে এবং এতটাই ক্ষীণ যে, আলাদা আলাদা বিন্দু হিসেবে দেখা যায় না। এই বিন্দুগুলোর সম্মিলিত আলোই আকাশে ওই আবছা মেঘের মতো রেখা তৈরি করেছে। রাতের আকাশে আমরা যে আলোর বিন্দুগুলো দেখি, তার সব কটিই কিন্তু নক্ষত্র নয়। চাঁদের পর আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে রয়েছে শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ। এসব গ্রহের নিজস্ব কোনো আলো নেই; সূর্যের আলো তাদের পৃষ্ঠে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়। দিনের বেলায় সূর্যের তীব্র আলোর কারণে এই গ্রহগুলোর আলো চোখে পড়ে না, কিন্তু রাতে সূর্য পৃথিবীর অন্য পাশে থাকায় আলোকিত গ্রহগুলো বেশ ভালোভাবে দেখা যায়।
এবার আসল নক্ষত্রদের প্রসঙ্গে আসি। সৌরজগতের বাইরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম প্রক্সিমা সেন্টাউরি, যা পৃথিবী থেকে প্রায় ৪.২ আলোকবর্ষ দূরে অবস্থিত। আলোকবর্ষ সময়ের একক মনে হলেও, এটি আসলে দূরত্বের একক। আলো এক বছরে যতটা পথ পাড়ি দেয়, সেটাই এক আলোকবর্ষ, যা প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ১০ লক্ষ কোটি কিলোমিটারের সমান। অর্থাৎ, আলোর গতিতে ছুটলেও প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে চার বছরের বেশি সময় লাগবে।
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার, যা আলোর হিসাবে মাত্র ৮.৩ আলোক-মিনিট। অর্থাৎ, সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিটের একটু বেশি সময় নেয়। সূর্যের পরেই আমাদের কাছের নক্ষত্র আলফা সেন্টাউরি। তবে কাছের হলেও এটি রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা নয়। এই খেতাবের অধিকারী হলো সিরিয়াস, যা লুব্ধক নক্ষত্র নামেও পরিচিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৮.৬ আলোকবর্ষ। প্রক্সিমা সেন্টাউরির প্রায় দ্বিগুণ দূরে থেকেও সিরিয়াস এত উজ্জ্বল যে, রাতের আকাশে একে সহজেই আলাদা করে চেনা যায়। চাঁদ, শুক্র ও বৃহস্পতি গ্রহের পর আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে এটি অন্যতম। উত্তর গোলার্ধের শীতের আকাশে কালপুরুষ বা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের তিনটি পাশাপাশি তারা খুঁজে বের করে সেই রেখা বরাবর নিচের দিকে তাকালেই এই উজ্জ্বল নক্ষত্রটি চোখে পড়বে।
আকাশের আরও কিছু দানবীয় তারার কথা না বললেই নয়। রিজেল একটি বিশালাকার নীল তারা, যা আকারে সূর্যের চেয়ে প্রায় ৭৫ গুণ বড় এবং উজ্জ্বলতা ৮৫ হাজার গুণ বেশি। মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে উজ্জ্বল তারাগুলোর মধ্যে এটি অন্যতম। তবুও পৃথিবী থেকে প্রায় ৭০০-৯০০ আলোকবর্ষ দূরে অবস্থিত হওয়ায় এটিকে ততটা উজ্জ্বল দেখায় না। বেটেলজিউসের গল্প আরও চমকপ্রদ। এটি একটি লাল অতিদানব তারা, আকারে সূর্যের চেয়ে প্রায় এক হাজার গুণ বড় এবং উজ্জ্বলতা ১৩ হাজার গুণ। এর বিশালতা এতটাই যে, সূর্যকে সরিয়ে সৌরজগতের কেন্দ্রে বেটেলজিউসকে স্থাপন করলে এটি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথ পুরোপুরি গিলে ফেলবে!
এতক্ষণ যেসব তারার কথা বলা হলো, সেগুলোর সবই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অংশ। রাতের আকাশে খালি চোখে যত তারা দেখি, তার প্রায় সবই আমাদের গ্যালাক্সির অন্তর্ভুক্ত। অর্থাৎ, আমরা আকাশের যত দূরেই তাকাই না কেন, আমাদের চোখের সামনে প্রথমে ধরা পড়ে নিজেদের গ্যালাক্সির নক্ষত্ররা।
একটা সময় মানুষ ভাবত, মহাবিশ্ব কেবল এই তারাগুলো দিয়েই গঠিত। কিন্তু দূরবিন আবিষ্কারের পর জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পারলেন, তারারা মহাবিশ্বে এলোমেলোভাবে ছড়িয়ে নেই। তারা বিশাল বিশাল দলবদ্ধভাবে থাকে, যাদের গ্যালাক্সি বলা হয়। প্রতিটি গ্যালাক্সিতে থাকে কোটি কোটি, এমনকি শত শত কোটি নক্ষত্র। আমাদের সূর্যও মিল্কিওয়ে নামক একটি গ্যালাক্সির অংশ। শহরের কোনো বড় বিল্ডিংয়ের ছাদ থেকে যেমন অসংখ্য বিল্ডিং দেখা যায়, তেমনি মহাকাশে দূরবিন দিয়ে তাকালে অসংখ্য গ্যালাক্সি দেখা যায়। এই গ্যালাক্সিগুলোর মাঝে রয়েছে অনেক ফাঁকা জায়গা, আবার প্রতিটি গ্যালাক্সির ভেতরেই রয়েছে বিপুলসংখ্যক নক্ষত্র, গ্যাস ও ধূলিকণা।
মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যাস প্রায় এক লক্ষ আলোকবর্ষ। এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছাতে এক লক্ষ বছর লাগে! আমাদের সৌরজগৎ এই গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ২৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এই বিশাল গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন (১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি) নক্ষত্র রয়েছে। এতগুলো তারার মধ্যে আমরা কয়টি দেখতে পাই জানেন? যেখানে আকাশ পরিষ্কার এবং কোনো কৃত্রিম আলো নেই, সেখানে খালি চোখে কয়েক হাজার তারা দেখা সম্ভব। ভালো মানের ছোট একটি দূরবিন থাকলে দেখা যাবে কয়েক লক্ষ তারা। অথচ এটিও আমাদের গ্যালাক্সির মোট তারার এক শতাংশেরও কম! পৃথিবীতে এখন যত মানুষ বেঁচে আছে (প্রায় ৮০০ কোটি), তাদের মধ্যে এই তারা ভাগ করে দিলে প্রত্যেকে প্রায় ৫০টি তারার মালিক হবে!
অন্ধকার আকাশে মাঝেমধ্যে যে সাদা ধোঁয়ার মতো আলোর পথ দেখা যায়, সেটিও মিল্কিওয়ে গ্যালাক্সিরই অংশ। গ্যালাক্সির কেন্দ্রের দিকে তাকালে অসংখ্য নক্ষত্রের আলো একসঙ্গে দেখতে পাবেন। এত দূরের তারাগুলোকে আলাদা আলাদা বিন্দু হিসেবে চেনা যায় না। এসব তারার সম্মিলিত আলো মিলে আকাশে তৈরি করে দীর্ঘ এবং অস্পষ্ট আলোর ফিতা। এই কারণেই আমাদের গ্যালাক্সিকে ‘মিল্কিওয়ে’ বা ‘ছায়াপথ’ বলা হয়।
আমাদের গ্যালাক্সিতে এত তারা থাকতে পারে, তা একসময় মানুষের কল্পনারও বাইরে ছিল। কিন্তু দূরবিন যত শক্তিশালী হয়েছে, মহাবিশ্ব সম্পর্কে আমরা তত বেশি জানতে পেরেছি। ধীরে ধীরে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে, মিল্কিওয়ে মহাবিশ্বের একমাত্র গ্যালাক্সি নয়; এর বাইরেও ছড়িয়ে আছে অগণিত গ্যালাক্সি।
আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে কিছুটা বড়। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৫ লক্ষ আলোকবর্ষ। অর্থাৎ, অ্যান্ড্রোমিডা থেকে যে আলো আজ আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, তা ২৫ লক্ষ বছর আগে সেখান থেকে যাত্রা শুরু করেছিল! তখন পৃথিবীতে আধুনিক মানুষের অস্তিত্বই ছিল না। আপনি যদি এখন দূরবিন দিয়ে অ্যান্ড্রোমিডার দিকে তাকান, তাহলে অ্যান্ড্রোমিডার অতীত দেখতে পাবেন। জিম আল-খালিলি যখন প্রথমবার টেলিস্কোপ দিয়ে অ্যান্ড্রোমিডাকে দেখেছিলেন, তখন তাঁর মাথায় এক অদ্ভুত ভাবনা এসেছিল। তিনি ভেবেছিলেন, আমরা আসলে এখন ২০ লক্ষ বছর আগের অ্যান্ড্রোমিডাকে দেখছি। বর্তমান অ্যান্ড্রোমিডা দেখতে কেমন, তা আমরা এখনো জানি না। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে আজ যদি কোনো এলিয়েন যাত্রা শুরু করে, তবে তার পৃথিবীতে পৌঁছাতে অন্তত ২৫ লক্ষ বছর লাগবে।
দূরবিনে প্রথমবার অ্যান্ড্রোমিডার দিকে তাকালে হয়তো খুব একটা চমক লাগবে না। অস্পষ্ট, ঝাপসা একটা আলোর দাগ দেখা যাবে। কিন্তু ওই ঝাপসা আলোর ভেতর লুকিয়ে আছে প্রায় এক লক্ষ কোটি তারা! সেই তারার আলো কোটি কোটি বছর ধরে মহাকাশ পাড়ি দিয়ে আপনার চোখে এসে পড়ছে। অ্যান্ড্রোমিডা ছাড়াও আমাদের কাছাকাছি রয়েছে লার্জ ও স্মল ম্যাজেলানিক ক্লাউড নামে দুটি ছোট গ্যালাক্সি, যা দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যায়। সব মিলিয়ে আমাদের মিল্কিওয়ে, অ্যান্ড্রোমিডা এবং আরও কয়েক ডজন ছোট-বড় গ্যালাক্সি মিলে তৈরি করেছে একটি গ্যালাক্সি-পরিবার, যার নাম ‘লোকাল গ্রুপ’। এমন আরও অনেক লোকাল গ্রুপ মিলে তৈরি করেছে ‘সুপারক্লাস্টার’। আমাদের গ্যালাক্সিও এমন একটি লোকাল সুপারক্লাস্টারের অংশ।
প্রিয় পাঠক, এবার আপনাকে একটি প্রশ্ন করি। মহাবিশ্ব যদি এত বিশাল হয়, যদি এর ভেতরে অসংখ্য গ্যালাক্সি ও শত শত কোটি কোটি তারা থাকে, তাহলে রাতের আকাশ অন্ধকার থাকে কেন?
ঠিক এখান থেকেই ‘অলবার্স প্যারাডক্স’-এর উদ্ভব হয়। মনে করুন, মহাবিশ্বের কোনো শেষ নেই। অর্থাৎ, আপনি যে দিকেই তাকান না কেন, সামনে শুধু মহাকাশ আর মহাকাশ। আর সেই মহাকাশের সর্বত্র ছড়িয়ে আছে তারা, এবং তারাগুলো সব জায়গায় মোটামুটি সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে কী হওয়ার কথা?
আপনি আকাশের যেদিকেই তাকাবেন, আপনার চোখের দৃষ্টিরেখা কখনো না কখনো কোনো তারার গায়ে গিয়ে পড়বে। কারণ, মহাবিশ্ব যদি সত্যিই অসীম হয় এবং সবখানে তারা ছড়িয়ে থাকে, তাহলে আপনার দৃষ্টির সামনে তারাশূন্য ফাঁকা জায়গা থাকার কথা নয়। কাছের কোনো তারা না থাকলে একটু দূরে আছে, আরও দূরে না থাকলে তারও বহু দূরে আছে। অসীম মহাবিশ্বে কোথাও না কোথাও তো একটা তারা থাকবেই! বিষয়টা একটি মজার উপমা দিয়ে বোঝা যাক। ধরুন, আপনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল জঙ্গলের মাঝখানে, যার কোনো শেষ নেই। চারদিকে শুধু গাছ আর গাছ। আপনার হাতে একটি তির ও ধনুক দেওয়া হলো। আপনাকে বলা হলো, যেদিক খুশি তির ছুড়তে পারেন। ধরে নিন, তিরটি মধ্যাকর্ষণের টানে কখনো মাটিতে পড়বে না; একদম সোজা পথে চলতেই থাকবে। আপনি যেদিকেই তির ছুড়ুন না কেন, কোনো না কোনো গাছের গুঁড়িতে গিয়ে তিরটি লাগবেই। কাছের গাছগুলো এড়িয়ে গেলেও আরও দূরে কোনো গাছ নিশ্চয়ই আছে। জঙ্গল যেহেতু অসীম, তাই তিরের সামনে কোনো না কোনো গাছ থাকবেই, এমনকি সেই গাছটি যদি আপনার কাছ থেকে কয়েকশ কিলোমিটার দূরেও থাকে।
মহাবিশ্বের তারাদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটার কথা। জঙ্গলের গাছের জায়গায় এবার তারাদের ভাবুন, আর তিরের জায়গায় কল্পনা করুন আলোর রশ্মি। মহাবিশ্বের যেদিকেই তাকাবেন, আপনার দৃষ্টিরেখা শেষ পর্যন্ত কোনো না কোনো তারার গায়ে গিয়ে পড়বে। ফলে আকাশের কোথাও তারাশূন্য কালো জায়গা থাকার কথা নয়। তার মানে, আকাশের প্রতিটি বিন্দু থেকেই আমাদের চোখে আলো আসার কথা।
আরও একটি ভয়ংকর হিসাবের কথা বলি! আকাশের প্রতিটি দিকে যদি অসংখ্য তারা থাকে, তবে রাতের আকাশের উজ্জ্বলতা সূর্যের পৃষ্ঠের উজ্জ্বলতার কাছাকাছি হওয়ার কথা! তার মানে, দিনের বেলা সূর্য উঠল কি উঠল না, তাতে কিছুই যায়-আসে না। মহাবিশ্বের সর্বত্রই দিনরাত আলোয় ভরে থাকার কথা। পৃথিবীতে রাত বলে কিছু থাকারই কথা নয়! এখন নিশ্চয়ই আপনার মনে হচ্ছে, কোথাও একটা গণ্ডগোল আছে। কারণ, আমরা তো জানি রাতের আকাশ অন্ধকার। অথচ এই যুক্তি বলছে, রাতের আকাশের অন্ধকার থাকারই কথা নয়!
এই সমস্যার নামই অলবার্স প্যারাডক্স। উনিশ শতকের জার্মান জ্যোতির্বিদ হেনরিখ উইলহেল অলবার্সের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই প্রশ্ন অলবার্সের অনেক আগেই বিজ্ঞানীদের মাথায় এসেছিল। কয়েক শতাব্দী ধরে তাঁরা এর উত্তর খুঁজেছেন। প্যারাডক্সের ব্যাপারে আরও অনেক কথা আছে। কিন্তু এতটা যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনার মনেও এখন দুটি প্রশ্ন আসার কথা। প্রথমত, তারাগুলো তো অনেক অনেক দূরে। সেখান থেকে আলো এসে কি আসলেই আমাদের চোখে ধরা দিতে পারে? আলো তো ম্লান হয়ে যাওয়ার কথা। দ্বিতীয়ত, তারারা কি সত্যিই আকাশে সমানভাবে ছড়িয়ে আছে? আমরা তো একটু আগেই জানলাম, তারা একেকটি গ্যালাক্সিতে দলবদ্ধ হয়ে থাকে।
যদি সত্যিই এই প্রশ্ন দুটি আপনার মাথায় আসে, তাহলে আপনার চিন্তাভাবনা আসলেই দূর্দান্ত। কিন্তু যাদের মাথায় এই প্রশ্ন আসেনি, তবে এতটা পড়েছেন, তাদেরও ধন্যবাদ। এখন আপনাদের জানিয়ে দিই, ওপরের যুক্তি দুটি শুনতে দারুণ মনে হলেও, জ্যামিতি ও পদার্থবিজ্ঞানের হিসাব বলছে, এই দুটি যুক্তির কোনোটিই রাতের আকাশকে অন্ধকার রাখতে পারবে না!
প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কাছের তারাগুলোকে আমরা উজ্জ্বল দেখি, আর দূরের তারাগুলোকে দেখি মিটিমিটি করে জ্বলতে। কারণ, কোনো উৎস থেকে আলো যত দূরে ছড়িয়ে পড়ে, প্রতি একক জায়গায় আলোর পরিমাণ তত কমে যায়। পদার্থবিজ্ঞানে এই নিয়মকে বলা হয় ‘ইনভার্স-স্কয়ার ল’ বা বিপরীত বর্গীয় সূত্র। সহজ ভাষায়, কোনো তারার দূরত্ব দ্বিগুণ হলে পৃথিবীতে পৌঁছানো তার আলো চার ভাগের এক ভাগ হয়ে যায়। দূরত্ব তিন গুণ হলে আলো কমে যায় নয় ভাগের এক ভাগ। অর্থাৎ, তারা যত দূরে, তার আলো তত দুর্বল।
শুনে মনে হচ্ছে, বেশ! তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। অসীম দূরের তারার আলো এত দুর্বল হবে যে, তা আর আমাদের চোখে পৌঁছাতে পারবে না। ফলে আকাশের বড় একটা অংশ অন্ধকার থেকে যাবে। কিন্তু এখানেই রয়েছে আসল চালাকি। দূরের তারাগুলো ম্লান হলেও, সেই দূরত্বে তারার সংখ্যাও তো অনেক বেশি! একটু জ্যামিতি দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন, আপনি পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে একের পর এক বিশাল গোলাকার বলয় (পেঁয়াজের খোসার মতো স্তর) তৈরি করলেন। প্রথম স্তরটি আপনার কাছাকাছি, পরেরটি তার চেয়ে দূরে, তার পরেরটি আরও দূরে। প্রতিটি স্তরের পুরুত্ব সমান। এখন দূরের স্তরগুলোর দিকে তাকালে দেখবেন, সেগুলোর আয়তন অনেক বেশি। কারণ, দূরত্ব যত বাড়বে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলও তত বাড়বে। ফলে দূরের প্রতিটি স্তরে কাছের স্তরের তুলনায় অনেক বেশি তারা থাকার কথা।
মজার ব্যাপার হলো, দূরের প্রতিটি তারার আলো আমাদের কাছে আসতে আসতে যতটা দুর্বল হয়ে যায়, সেই স্তরে তারার সংখ্যাও ঠিক ততটাই বাড়তে থাকে। অর্থাৎ, একটি তারা থেকে কম আলো পেলেও দূরের স্তরে তারার সংখ্যা বেশি হওয়ায় সব তারার আলো যোগ করলে মোট উজ্জ্বলতা একই থাকে! আরও সহজ করে বলি। ধরুন, আপনার সামনে ১০টি কাছের তারা আছে। প্রতিটি তারা থেকে নির্দিষ্ট পরিমাণ আলো আসছে। এবার আপনি আরও দূরে গেলেন। সেখানে যদি প্রতিটি তারার আলো চার ভাগের এক ভাগ হয়ে যায়, কিন্তু তারার সংখ্যা চার গুণ বেড়ে যায়, তাহলে সব মিলিয়ে মোট আলো কিন্তু একই থাকবে। একটি তারা ম্লান হয়েছে, কিন্তু চারটি তারা মিলে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে।
অসীম মহাবিশ্বে এমন স্তরের কোনো শেষ নেই। একটির পর একটি দূরের স্তর থেকে একই পরিমাণ আলো আসতে থাকলে, সব স্তরের আলো যোগ করে আকাশের উজ্জ্বলতা অসীম হয়ে যাওয়ার কথা! অর্থাৎ, শুধু দূরের তারাগুলো ম্লান বলে রাতের আকাশ অন্ধকার থাকার কথা নয়।
এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়া যাক। আমরা জানি, মহাকাশে তারারা একা একা ঘুরে বেড়ায় না। তারাগুলো মিলে একটি দল তৈরি করে। সেই দলগুলো মিলে আবার তৈরি করে গ্যালাক্সি। গ্যালাক্সিগুলোও একেকটি দল তৈরি করে, যাদের বলা হয় গ্যালাক্সি ক্লাস্টার। তাহলে তারার বদলে গ্যালাক্সির হিসাব করলেই তো হয়! কথাটা মন্দ নয়, কিন্তু এতেও লাভ নেই। কারণ, তারারা যদি গ্যালাক্সিতে দল বেঁধে থাকে, তাহলে সেই গ্যালাক্সিগুলোও তো মহাবিশ্বে ছড়িয়ে আছে। আমাদের গ্যালাক্সির বাইরে দূরবিনে যে আলোর বিন্দুগুলো দেখতে পাই, সেগুলোর অনেকগুলোই আসলে একেকটি সম্পূর্ণ গ্যালাক্সি। তার মানে, মহাবিশ্ব অসীম হলে যেদিকেই তাকাবেন, কোনো না কোনো গ্যালাক্সি আপনার দৃষ্টিরেখায় এসে পড়বে।
অবশ্য কোনো গ্যালাক্সি একটি নির্দিষ্ট তারার মতো আলো দেয় না। গ্যালাক্সির ভেতরের সব তারা মিলে একটি সম্মিলিত আলো দেয়, সেই আলো আমরা দূরবীনে একটি আলোর মতো দেখি। ফলে পুরো আকাশের উজ্জ্বলতা হয়তো একটি তারার পৃষ্ঠের মতো হবে না। কিন্তু অন্তত একটি গ্যালাক্সির গড় উজ্জ্বলতার কাছাকাছি তো হওয়ার কথা! সেই আলোও কম নয়, রাতের আকাশকে ঝলমলে করে দেওয়ার জন্য অতটুকুই যথেষ্ট!
কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটছে না। আমরা অন্ধকার আকাশ দেখি। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েক হাজার তারা, মাঝেমধ্যে চাঁদ, দু-একটি উজ্জ্বল গ্রহ। আকাশের বিশাল অংশ সেই কালোই থেকে যায়। তাহলে সমস্যাটা কোথায়? মহাবিশ্ব কি সত্যিই অসীম নয়? নাকি তারাদের সংখ্যা সীমিত? নাকি মহাবিশ্বের বয়সের সঙ্গে এমন কোনো রহস্য জড়িয়ে আছে, যা আমরা এতক্ষণ ভাবতেই পারিনি?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। কারণ, রাতের আকাশ কেন অন্ধকার, এই আপাত সরল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েক শতাব্দী ধরে একের পর এক বিজ্ঞানী ও দার্শনিক তাঁদের মাথার চুল ছিঁড়েছেন। কেউ ভেবেছেন মহাবিশ্বের শেষ আছে, কেউ ভেবেছেন তারার আলো একসময় নিভে যায়। আবার কেউ এমন সব যুক্তি দিয়েছেন, যা শুনলে আমাদের সেই পাগল বিজ্ঞানী জেনোর কথাও মনে পড়ে যেতে পারে!
অলবার্স প্যারাডক্সের আসল রহস্য বুঝতে হলে এবার জানতে হবে, এই অদ্ভুত প্রশ্নটির জন্ম হয়েছিল কীভাবে। কেন এত দিন কেউ এর সমাধান খুঁজে পাননি। সেই রোমাঞ্চকর ইতিহাস আমরা জানব পরের পর্বে।
সূত্র: জিম আল খলিলি, প্যারাডক্স: দ্য নাইন গ্রেটেস্ট এনিগমাস ইন ফিজিকস, নাসা, সায়েন্স ডিরেক্ট ডটকম।