সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আইসিইউর ৯৩ শতাংশ জীবাণুই বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী | গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য
দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়া রোগীদের শরীরে শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধে সক্ষম হয়ে উঠেছে। আইইডিসিআরের এক নজরদারি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা জটিল ও গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী ওষুধগুলোর কার্যকারিতা কমে যাওয়ার ইঙ্গিত দেয়। এ অবস্থায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ, সঠিক ও দ্রুত রোগনির্ণয় এবং ‘ওয়ান হেলথ’ কাঠামোর আওতায় সমন্বিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে চিকিৎসা ও গবেষণাক্ষেত্রের বিশেষজ্ঞরা এসব আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন। বিএসএমএমের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে প্রচার সহযোগী ছিল প্রথম আলো এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মা ও ল্যাব সলিউশন।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। সংস্থার জাতীয় এএমআর সার্ভিল্যান্স ডাটা বিশ্লেষণ করে তিনি জানান, আইসিইউ থেকে সংগৃহীত জীবাণুর বিশাল একটি অংশ এখন শক্তিশালী ওষুধেও ধ্বংস হচ্ছে না। নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণের জন্য দায়ী ‘ক্লেবসিয়েলা নিউমোনি’ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিপেনেম অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমার হার ২০২২ সালের ১৪.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের প্রথমার্ধে ৪১.৩ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ের ব্যবধানে মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা ১৬ শতাংশ থেকে বেড়ে ৩৭.৮ শতাংশে পৌঁছেছে।
অন্যান্য জীবাণুর ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। ই কলাই ব্যাকটেরিয়ার ইমিপেনেম ও মেরোপেনেমের প্রতি প্রতিরোধক্ষমতা যথাক্রমে ১৩.৫ ও ১১.১ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে সেফট্রিয়াক্সোন, সিপ্রোফ্লক্সাসিন ও অ্যাম্পিসিলিনের সংবেদনশীলতাও আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। তবে আশার কথা হলো, জেন্টামাইসিন ও লাইনজোলিডের মতো কিছু নির্দিষ্ট ওষুধের ক্ষেত্রে সংবেদনশীলতা কিছুটা বেড়েছে।
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নাইমা মোয়াযযাম বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ না করলে নতুন তৈরি হওয়া ওষুধগুলোও অকার্যকর হয়ে পড়বে। মানুষ, প্রাণী ও পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসক, অণুজীববিজ্ঞানী এবং পরিবেশবিদদের যৌথভাবে কাজ করতে হবে।
বিএসএমএমের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ ইউসুফ ল্যাবরেটরিতে দ্রুত জীবাণু শনাক্তের জন্য আধুনিক মাল্টিপ্লেক্স প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজিস্ট অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিএসএমএমের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল হক চিকিৎসকের পরামর্শ ছাড়া খোলা বাজারে রেজিস্টার্ড অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ বন্ধ করার জন্য সরকারের কড়া নজরদারির দাবি জানান।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ নাঈম গোলদার জানান, সরকার এএমআর সংকট মোকাবিলায় ওষুধ উৎপাদন, বিপণন ও ব্যবহারে নীতিগত নজরদারি বাড়াচ্ছে। সংগৃহীত উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে পশু চিকিৎসা ও মানবস্বাস্থ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের লাগাম টানতে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে।