প্রেমিকাকে চুমু দেওয়া অপরাধ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রেমিকাকে চুমু দেওয়া অপরাধ | প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার
এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ‘চুমু’ দেওয়ার জেরে চরম বর্বরতার শিকার হয়েছেন এক তরুণ, তাঁর বাবা এবং বন্ধু। তরুণকে মারধর করার পাশাপাশি তিনজনকে সম্পূর্ণ উলঙ্গ করে প্রকাশ্য ব্যস্ত রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়েছে। এমনকি পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার জনবহুল বেহালা এলাকার সরশুনা থানা অঞ্চলের বসুন্ধরা পার্কের ক্ষুদিরামপল্লী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তরুণটি লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। সে সময় তিনি প্রেমিকাকে চুমু দেন, যা দেখতে পান কিশোরীর এক আত্মীয়ের বন্ধু। তাৎক্ষণিকভাবে বিষয়টি মেয়ের পরিবারকে জানিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে কিশোরীর বাবা ও মামা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তরুণ ও তাঁর এক বন্ধুকে ধরে বেহালার একটি বাড়িতে নিয়ে যান। পাশাপাশি খবর পাঠিয়ে তরুণের বাবাকেও সেখানে ডেকে আনা হয়।
অভিযোগ রয়েছে, বাড়িতে আটকে রেখে প্রথমে ওই তরুণ ও তাঁর বন্ধুকে নির্মমভাবে মারধর করা হয়। পরে তরুণের বাবা সেখানে পৌঁছালে তাঁকেও মারধরের শিকার হতে হয়। এরপর তিনজনকে বিবস্ত্র করে বাড়ির সামনের ব্যস্ত সড়কে হাঁটতে বাধ্য করে কিশোরীর পরিবার। প্রাণনাশের হুমকি ও গুলি করে মেরে ফেলার ভয় দেখিয়েই তাঁদের প্রায় ৫০ মিটার পথ এভাবে হাঁটতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কিশোরীর বাবা ও মামাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।