সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঘুরে দাঁড়ানোর সংকেত অর্থনীতিতে | অক্টোবরে পিএমআই সূচক বেড়ে ৫১.৮
উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতে বিনিয়োগের মন্দা এবং কর্মসংস্থান সংকটের মতো একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে। টানা দুই মাসের সংকোচন কাটিয়ে আবার সম্প্রসারণের মুখ দেখতে শুরু করেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অক্টোবর মাসের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—এই প্রধান চার খাতেই ইতিবাচক গতিশীলতা লক্ষ্য করা গেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) আয়োজিত প্রতিবেদনে জানানো হয়, অক্টোবরে সামগ্রিক পিএমআই সূচক আগের মাসের তুলনায় ৩.২ পয়েন্ট বেড়ে ৫১.৮-এ পৌঁছেছে। পিএমআই নির্দেশক অনুযায়ী সূচক ৫০-এর ওপরে থাকলে সেটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ নির্দেশ করে। এর আগে সেপ্টেম্বর মাসে সূচক ১.৩ পয়েন্ট কমে ৪৮.৬-এ নেমেছিল, যেখানে কেবল কৃষি খাত ছাড়া বাকি উৎপাদন, নির্মাণ ও সেবা খাত সংকোচনের মধ্যে ছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যবসা-বাণিজ্যের প্রক্রিয়া সহজ করতে এবং ভোগান্তি কমাতে সরকার স্বয়ংক্রিয় কোম্পানি নিবন্ধন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, যা আগামী ১২ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের ফলে ব্যবসায়ীদের আস্থা ফিরতে শুরু করেছে। তবে বর্তমান ইতিবাচক ধারাকে দীর্ঘস্থায়ী করতে হলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া জরুরি।