সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
‘শেখ হাসিনা ফিরছেন’ মাইকিং | নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার
দণ্ডপ্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন—এমন তথ্য মাইকিং করে প্রচারের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল সরকার। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশার পেছনে মাইক বাঁধা এবং একজন ব্যক্তি তাতে কথা বলছেন। মাইকিংয়ে মান্দাবাসীকে শুভেচ্ছা জানিয়ে দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পা রাখছেন। এ সময় দল-মতনির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে করা মাইকিংয়ের খবর পাওয়ার পর গতকাল রাতেই মান্দা থানা-পুলিশ তদন্তে নামে। প্রাথমিকভাবে জানা যায়, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের বাসিন্দা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা আসলাম হোসেনসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের রাস্তায় এই মাইকিং করে ভিডিও ধারণ করেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।
পুলিশ সুপার আরও জানান, গতকাল রাতেই জেলা পুলিশের নজরে আসে ভিডিওটি। এর পরিপ্রেক্ষিতে জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের আব্দুল জলিল সরকারকে আটক করা হয়। আটককৃতরা পুলিশের কাছে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। তাদের কাছ থেকে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশা ও রেকর্ডিং ডিভাইস জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামী আমিরুল ইসলাম কারপি গ্রেফতার
২ দিন আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
৪ দিন আগে
শহর থেকে গ্রাম—মাদকের ভয়াবহ বিস্তার, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর
৪ দিন আগে