সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ | নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ, জনজীবন বিপর্যস্ত
গোপালগঞ্জে প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে গাছের গুঁড়ি এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার সকাল থেকে জেলা সদর থেকে দূরপাল্লার এবং আন্তজেলা বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর পাশাপাশি, শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলো কার্যত জনশূন্য হয়ে পড়েছে।
অবরোধের কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যান চলাচল বন্ধ থাকায় কর্মজীবী, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী ব্যক্তিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে।
রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরের প্রধান পথগুলোতে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে। শহরের ভেতরে ছোট গলিগুলোতে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামের ‘৭ মার্চ’ চত্বরে গিয়ে দেখা যায়, একটি বড় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখা হয়েছে, যার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ লাইনস থেকে বেদগ্রামের দিকে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১৫ থেকে ২০টি গাড়ির একটি টহল দল। ‘৭ মার্চ’ চত্বরে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের পথরোধ করেন। পরে টহল দলটি চত্বর থেকে ঘুরে বাইপাস সড়ক হয়ে পুলিশ লাইনসের দিকে ফিরে যায়।
একইভাবে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরের ফকিরকান্দ, হরিদাসপুর সেতু, নিমতলা মোড়, ডুমদিয়া বাসস্ট্যান্ড, সোনারসুর, বিজয়পাশা, পাইককান্দি, চন্দ্রদিঘলিয়া এবং গোপীনাথপুর এলাকায় গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ও গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছে। এছাড়া, কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, চাপতা, টুকুবাজার, লিটন বাজার, ভাটিয়াপাড়া মোড়, কাশিয়ানী, পোনা এবং মাঝিগাতিসহ বিভিন্ন স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
অন্যদিকে, গোপালগঞ্জ-বরিশাল সড়কের বেদগ্রাম, মাঝিগাতী, কাঠি, দত্তডাঙ্গা ও কাজুলিয়া এলাকায়ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, পল্লী উন্নয়ন একাডেমির সামনে, ওয়ালারহাট, সিকির বাজার ও পয়সার হাট এলাকায়ও অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মুকসুদপুর কলেজ মোড়, বড়ইতলা এবং এর আশপাশের সড়কেও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবরোধ সৃষ্টি করেছেন।
দোকানপাট বন্ধ, শহর ফাঁকা
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির কারণে রবিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। সড়কে যান চলাচল বন্ধ এবং আগে থেকেই জেলায় ট্রেন চলাচল স্থগিত থাকায় কার্যত জেলার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সড়ক-মহাসড়কে এই অবরোধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথের সন্ধান করতে হচ্ছে।
ভোগান্তিতে পরীক্ষার্থীরা
যান চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। আজ দুপুর ১টায় তাঁদের চূড়ান্ত পরীক্ষা থাকায় সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা যায়। সড়কে যানবাহন না থাকায় কেউ হেঁটে, কেউ রিকশায়, আবার কেউ পরিচিতদের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছেন।
গোপালগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারদিন শিকদারের পরীক্ষাকেন্দ্র টুঙ্গিপাড়া সরকারি কলেজ। সকাল ১০টার দিকে তিনি শহরের মৌলভীপাড়ার বাসা থেকে হেঁটে লঞ্চঘাটে যান। এরপর একটি রিকশায় এলজিইডি মোড়ের দিকে যাচ্ছিলেন। রিকশাটি পাচুরিয়া পৌঁছালে বিক্ষোভকারীরা তাঁকে বাধা দেন। পরে এক সাংবাদিকের মোটরসাইকেলে তিনি সদর হাসপাতাল পর্যন্ত পৌঁছান। সেখান থেকে এক বন্ধুর সঙ্গে রিকশায় করে পরীক্ষাকেন্দ্রে যাবেন বলে তিনি জানান।
সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার সকাল থেকেই শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৬ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।
রবিবার বেলা ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে কথা বলার জন্য গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সানোয়ার হোসেন লাড্ডু ও টিপু সুলতান
২ দিন আগে
আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা
২ দিন আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১
২ দিন আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ দিন আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা
৩ দিন আগে