সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের বাজারে মাছ চড়া, সবজিতে স্বস্তি; তবু ক্রেতা সংকটে কমেছে বেচাকেনা
মেহেরপুরের স্থানীয় বাজারগুলোতে মাছের মূল্য গত সপ্তাহের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল হওয়ায় মাছের দাম এখনো বেশি। এর ফলে নিম্ন ও স্বল্প আয়ের ক্রেতারা মাছ কিনতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তবে আশার কথা হলো, গত সপ্তাহের চেয়ে বেশিরভাগ সবজির মূল্য কিছুটা কমে বর্তমানে সহনীয় পর্যায়ে এসেছে। তা সত্ত্বেও, বাজারে ক্রেতার আনাগোনা তুলনামূলকভাবে কম হওয়ায় সামগ্রিক বেচাকেনা হ্রাস পেয়েছে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন।
গতকাল শুক্রবার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায়, বিভিন্ন প্রকারের সবজি, মাছ, মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
যদিও বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের চেয়ে কমেছে, কিন্তু বাজারে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো কম।
খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ১০০ টাকা, কচু ৪০ টাকা, টমেটো ৯০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, বেগুন ১০০ টাকা, আদা ১৭০ টাকা, শসা ৪৫-৫০ টাকা, কলা ৫০ টাকা, আলু ২৫ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ১৫ টাকা, বরবটি ৭০ টাকা, গাজর ১৪০ টাকা, ওল ৫০ টাকা, লালশাক ৪০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা, করলা ৫০ টাকা এবং কাঁকরোল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৩৬ টাকা, রসুন ৮৫ টাকা, কচু ৩০ টাকা, টমেটো ৭০ টাকা, কাঁচামরিচ ৯০ টাকা, বেগুন ৯০ টাকা, আদা ১৪০ টাকা, শসা ৩৫ টাকা, কলা ৪০ টাকা, আলু ১৯ টাকা, লাউ ৪০ টাকা, পেঁপে ১০ টাকা, বরবটি ৬০ টাকা, গাজর ১২০ টাকা, ওল ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৭ টাকা, ঝিঙে ৪০ টাকা, করলা ৪০ টাকা এবং কাঁকরোল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাল, ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আটাশ চাল প্রতি কেজি ৫৫ টাকা, লালসন্য চাল ৫০ টাকা, আটা ৪৫ টাকা, মসুরি ডাল ১১০ টাকা, কলাই ডাল ১৮০ টাকা, মটর ডাল ৬০ টাকা, সুলা ডাল ১১০ টাকা এবং চিনি ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি রুই ৩৫০ টাকা, সিলভার ২২০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, গ্লাসকাপ বড় ৪০০ টাকা, মাঝারি ইলিশ ৭০০ টাকা, বড় কাতলা ৪০০ টাকা, চিংড়ি ৮০০ টাকা, জিউল ৩৫০ টাকা, কই ২২০ টাকা এবং বাটা ২৫০ টাকা দরে বিক্রেতারা বিক্রি করছেন। পাইকারি মাছের দামেও তারতম্য রয়েছে; রুই ৩২০ টাকা, সিলভার ১৯০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, গ্লাসকাপ বড় ৩৩০ টাকা, ইলিশ ৬৭০ টাকা, কাতলা ৩৭০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা, জিউল ৩০০ টাকা, কই ২০০ টাকা এবং বাটা ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের উচ্চমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মকলেস মিয়া নামের এক মাছ ক্রেতা বলেন, “আমরা নিম্ন আয়ের মানুষ। তেলাপিয়া ও সিলভার মাছের দাম কিছুটা কমলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা সহজ হতো। বাজারে চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম থাকায় দামও কমছে না।”
আরেক মাছ ক্রেতা মন্তব্য করেন, “মাছের দাম গত সপ্তাহের মতোই বেশি। পরিবারের প্রয়োজন অনুযায়ী মাছ কিনতে গেলে অন্যান্য বাজারের খরচ কমাতে বাধ্য হচ্ছি। স্বল্প আয়ের মানুষের পক্ষে এ দামে নিয়মিত মাছ কেনা সত্যিই কঠিন।”
মাছ ব্যবসায়ী সুনিল কুমার হালদার জানান, “প্রতিদিনের মতো আজও মাছের চাহিদা রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় মাছের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করেই দাম নির্ধারিত হচ্ছে।”
সবজি ক্রেতা মনিরুল ইসলাম বলেন, “ইদানীং বাজারে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বেগুন ১৩০ টাকা কেজি দরে কিনেছিলাম, আজ ১০০ টাকায় কিনলাম। দাম আরও কিছুটা কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।”
ক্রেতা তুষার বলেন, “বেগুন, টমেটো ও গাজর ছাড়া গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আমাদের আয়ের তুলনায় এখনো অনেক বেশি। সবকিছু একসঙ্গে কেনা স্বল্প আয়ের মানুষের জন্য রীতিমতো কঠিন।”
করলা চাষি আসাদুল মিয়া জানান, “গত দুই সপ্তাহ ধরে আমরা করলা প্রায় ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। এখন আবহাওয়া ভালো থাকলে এবং করলার ফলন ঠিকমতো হলে হয়তো চাষিরা কিছুটা লাভবান হতে পারবেন।”
কাঁচাবাজারের ব্যবসায়ী জাব্বার আলী বলেন, “মেহেরপুর বড়বাজারে সব ধরনের সবজি, মাছ, মাংস ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। কিন্তু বর্তমানে বাজারে ক্রেতার উপস্থিতি খুবই কম। আগে যে পরিমাণ বেচাকেনা হতো, এখন তার অর্ধেকেরও কম হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেক সবজির দাম কমলেও ক্রেতা কম থাকায় বিক্রি কমে গেছে। অলিগলিতে এবং অধিকাংশ মুদিখানার দোকানেও সবজি বিক্রি হওয়ায় বড় বাজারে খুচরা বিক্রির পরিমাণও কমেছে।”
ব্যবসায়ী আশকার আলী বলেন, “করলা ও কাঁচামরিচসহ কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা কমেছে। বর্তমানে চাষিদের উৎপাদন খরচের তুলনায় সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে বাজারে ক্রেতাদের উপস্থিতি খুবই কম।”
মাংসের বাজারে খাসি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং ছাগির মাংস ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, বয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি ২৬০-২৮০ টাকা, লেয়ার ৩৪০-৩৫০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা, চিনিহাঁস ৪৫০ টাকা, পাতিহাঁস ৩৫০-৪০০ টাকা এবং রাজহাঁস ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা সম্মিলিতভাবে জানাচ্ছেন, বাজারে পণ্যের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা হ্রাস পেয়েছে। বিশেষ করে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য কিনলেও মাছসহ তুলনামূলক বেশি দামের পণ্য কেনার ক্ষেত্রে পরিমাণ কমিয়ে দিচ্ছেন।