সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জোরালো প্রতিবাদ
দেশজুড়ে তথাকথিত ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই সমাবেশে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান বক্তব্য প্রদান করেন।
উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন তাঁর বক্তব্যে বলেন, বিগত কিছুদিন ধরে দেশের নির্দিষ্ট কিছু এলাকা সহ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। মেহেরপুর বিশ্ববিদ্যালয় এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং দেশের জনগণ কখনই নৈরাজ্য সৃষ্টিকারীদের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না।
উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান বলেন, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে হত্যা, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের যে ধারা প্রবর্তন করার চেষ্টা করছে, এদেশের স্বাধীনতাকামী ও গণতন্ত্রমনা জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।
সমাবেশে পিএস টু ভিসি (সেকশন অফিসার) ড. মো. তারিক আজিজ সহ বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।