সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সন্ত্রাসবাদ ত্যাগ না করলে সমঝোতা অসম্ভব | মাহফুজ আলম
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। তার মতে, সন্ত্রাস ও খুনের রাজনীতি পরিহার করে গত ১৭ বছরের 'ফ্যাসিবাদ'-এর সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কোনো ধরনের 'রিকনসিলিয়েশন' বা সমঝোতা আলোচনা অসম্ভব।
মাহফুজ আলম এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি গত শুক্রবার রাতে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে দেশে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, তিনি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সাবেক সদস্য।
নিজের ফেসবুক পোস্টে মাহফুজ আলম আরও জানান, সম্ভাব্য গৃহযুদ্ধ পরিস্থিতি এড়ানোর লক্ষ্যেই তিনি ২০২৪ সালের ২১শে আগস্ট সর্বপ্রথম 'রিকনসিলিয়েশন' বা পুনর্মিলনের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তিনি লেখেন, 'হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম এই বিষয়ে কথা বলেছিলাম। কিন্তু দুঃখজনক হলো, আওয়ামী লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস এতটাই গভীরে প্রোথিত যে তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা আত্মসমালোচনার প্রবণতা দেখা যায় না।'
মাহফুজ আলম কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, যদি সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকে, তবে দেশের সার্বিক অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ধ্বংস এবং জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকেই দায়ী থাকতে হবে। পরিশেষে, তিনি চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোর আহ্বান জানান।