সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকালে এই কর্মসূচিতে বিএনপি’র স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ রোডে এসে শেষ হয়।
এর আগে, সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেন্টু এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। বিক্ষোভ মিছিলে মেহেরপুর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।