সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট | ছাত্রদল-যুবদল নেতাসহ গ্রেপ্তার বেড়ে ১৯
রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে' বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তদন্তে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবারের এই অভিযানের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।
সর্বশেষ গ্রেপ্তারকৃতরা হলেন— শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ সোহেল (৪৬), ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস (৩৫) এবং শাহ আলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সাজ্জাদ হোসেন মিশু ওরফে মোল্লা (৩৬)। ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় সরাসরি জড়িত থাকায় তারা আত্মগোপনে ছিলেন। শনিবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ এলাকার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মুখোশধারী প্রায় দুই শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের জিম্মি করে বিপুল পরিমাণ ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম এবং মূল্যবান সামগ্রী লুট করে। এরপর ভারী ভেকু মেশিন দিয়ে বহুতল ওই স্বাস্থ্যকেন্দ্রটির একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
ঘটনার শুরু থেকেই এই বর্বরোচিত হামলার পেছনে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযুক্তদের অনেকেই বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ। এর আগের দিন বুধবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ১৯ জনের মধ্যে পাঁচজন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মী। এদের মধ্যে শাহ আলী থানা বিএনপির সদস্য সাইফুল ইসলাম খোকন (৪৮) ও ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আলমকে (৫৩) গত বুধবার গ্রেপ্তার করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় শাহ আলী থানা যুবদলের সাবেক সভাপতি নূর আলমকে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী বকুলের যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
পাবনার দোগাছীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা, ক্ষয়ক্ষতি সীমিত
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১
১ দিন আগে