সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নোয়াখালীতে ভাইয়ের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, নির্যাতনের সন্দেহ
নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহটি উদ্ধার করে। নিহত শিশুটি একটি স্থানীয় নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তাদের মূল বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়। স্বজনদের ধারণা, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া শেষ করে ১০ বছর বয়সী বড় ভাইয়ের সঙ্গে মাদ্রাসার উদ্দেশে রওনা দেয় ওই শিশু। তাদের চলাচলের পথটি একটি বাগান ও বসতবাড়ির ওপর দিয়ে গেছে। পথে ভাই কিছু সময়ের জন্য অন্যদিকে গেলে ফিরে এসে আর বোনকে দেখতে পায়নি। বোন একা আগেই চলে গেছে ভেবে সে একাই মাদ্রাসায় চলে যায়। তবে বিকেলে মাদ্রাসা ছুটি হওয়ার পর ভাই একাই বাড়ি ফেরে।
বাড়িতে এসে মা যখন মেয়ের কথা জানতে চান, তখন বড় ভাই জানায় যে বোন পথেই হারিয়ে গেছে। এই তথ্যের পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে আনুমানিক ২০০ গজ দূরে চলাচলের রাস্তার পাশে নির্মাণাধীন একটি ঘরের ভিটায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের চাচার অভিযোগ, লাশ উদ্ধারের সময় শিশুটির পোশাক বিশৃঙ্খল অবস্থায় ছিল। এ থেকে তাদের ধারণা, স্থানীয় কেউ তাকে নির্যাতনের পর হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১
১৯ মিনিট আগে
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, উল্টো ভুক্তভোগী মালিকের বিরুদ্ধে মামলা
১ দিন আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা
২ দিন আগে