আলমডাঙ্গায় মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মন্দিরে অনুদান প্রদান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মন্দিরে অনুদান প্রদান
আলমডাঙ্গা পৌরসভা এলাকাসহ কালিদাসপুর পূজামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু। একই অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পৌর এলাকার ১৫টি ও কালিদাসপুরের ১টি পূজামন্দিরে অনুদান প্রদান করেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আলমডাঙ্গার দারুস সালাম রোডে হাসিবুল হক লিপুর অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু।
প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হক লিপু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যেরও প্রতীক। আলমডাঙ্গায় সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এ সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গোৎসব যেন সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পূজামন্দিরগুলোর পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। আলমডাঙ্গার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন অধিকারী, সদস্যসচিব তপন কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক তন্ময় ধর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য এবং উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুধাংশ কুমার ব্যানার্জী।
খন্দকার আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিদাসপুর শ্রী শ্রী দুর্গামন্দিরের সভাপতি সুশীল কুমার ভৌতিকা, রথতলা শ্রী শ্রী দুর্গামন্দিরের সভাপতি বিদ্যুৎ কুমার, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, উপজেলা পূজা ফ্রন্টের সদস্য রাম রাহাসহ আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর এলাকার বিভিন্ন পূজামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।