আলমডাঙ্গা থেকে স্বামীর সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থেকে স্বামীর সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ডাক্তার দেখাতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের ধাক্কায় চায়না রানী বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না রানী বিশ্বাস আলমডাঙ্গা পৌর শহরের রথতলা এলাকার বিদ্যুৎ কুমার বিশ্বাসের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুই সন্তানের জননী চায়না রানীর ছেলে সৌদি আরব প্রবাসী এবং মেয়ে বিবাহিত।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্ত্রী চায়না রানীকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মোটরসাইকেলে করে কুষ্টিয়ায় যাচ্ছিলেন বিদ্যুৎ কুমার বিশ্বাস। তারা কুষ্টিয়া বিআরবির সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান চায়না রানী। এ সময় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় চায়না রানী সড়কে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। স্ত্রীকে দুর্ঘটনার শিকার হতে দেখে বিদ্যুৎ কুমার মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেও পড়ে আহত হন। পরে তিনি মোটরসাইকেল ফেলে স্থানীয়দের সহায়তায় আহত স্ত্রীকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চায়না রানীকে মৃত ঘোষণা করেন।
এদিকে চায়না রানীর মৃত্যুর খবর আলমডাঙ্গায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুষ্টিয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে মরদেহ আলমডাঙ্গায় নিয়ে আসা হয়। পরে রাতেই স্থানীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।