সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে প্রেমসংক্রান্ত বিষয়ের জেরে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনপুর গ্রামের খেলার মাঠসংলগ্ন এক নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো কস্টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পান এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা গাংনী থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া বস্তুটির সঙ্গে একটি চিরকুট লাগানো ছিল। যেখানে প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তার প্রেমিকাকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে জর্দার কৌটা কস্টেপ দিয়ে মুড়িয়ে বোমাসদৃশ রূপ দিয়ে চিরকুটসহ রেখে যায়। প্রেমিকাকে উদ্দেশ্য করে চিরকুট ও এমন বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা গাংনী থানায় এটাই প্রথম। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।