সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যুক্তরাষ্ট্রে আকাশপথ যোগাযোগে নজিরবিহীন বিপর্যয় | ট্রাম্পকে অবহিত, আপাতত নিরাপত্তার হুমকি নেই
যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যবস্থায় নজিরবিহীন বিপর্যয়ের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যোগাযোগ ব্যবস্থায় এই ব্যাপক বিঘ্নের মূল কারণ এখনো অজানা রয়ে গেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুলিন সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে, তা নিয়ে কোনো নির্দিষ্ট সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, “এই মুহূর্তে কোনো সম্ভাবনাকেই বাদ দেওয়া যাচ্ছে না।” তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকির আলামত দেখা যায়নি বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় মুলিন আরও বলেন, “জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
মুলিন জানান, যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ সচল রয়েছে, যার অর্থ পুরো ব্যবস্থা অচল হয়ে পড়েনি। তবে তিনি এই দুটি অঞ্চলের সুনির্দিষ্ট অবস্থান জানাননি।
এর আগে মুলিন নিশ্চিত করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আকাশে থাকা প্রতিটি উড়োজাহাজের অবস্থানও জানা সম্ভব হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কথা জানিয়েছে। এর ফলে তাদের ওয়েবসাইটে থাকা তথ্য প্রদর্শিত না-ও হতে পারে বা পুরোনো তথ্য দেখাতে পারে। সংস্থাটি জানিয়েছে, সমস্যা সমাধানে প্রযুক্তিবিদরা কাজ করছেন।
এফবিআই-এর ভাষ্য
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই মনে করছে না যে এই যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের হাত রয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন যে তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোনো সফটওয়্যার হালনাগাদ প্রক্রিয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে কি না। তবে এখনো এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশের সকল বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ এবং নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখা হয়।

আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন
যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব আন্তর্জাতিক ফ্লাইটেও পড়েছে। ইউরোপের ৪২টি দেশের বিমান চলাচল সমন্বয়কারী সংস্থা ইউরোকন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়েছে, এফএএ-এর অনুরোধে সদস্য দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছে। এই দেশগুলোর মধ্যে ইসরায়েলও অন্তর্ভুক্ত।
যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে চলাচলকারী ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে।
মেক্সিকো সিটির প্রধান বিমানবন্দর বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরও যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে আসা ফ্লাইটে বিঘ্নের কথা জানিয়েছে। যাত্রীদের নিজস্ব উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে এবং সূচির পরিবর্তনের বিষয়ে খোঁজ খবর নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাভাবিক হতে সময় লাগবে
সাংবাদিকদের মুলিন বলেছেন, পুরো পরিস্থিতি সামাল দিতে “কিছুটা সময় লাগবে।” তিনি মন্তব্য করেন, এক ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনটা নয়।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রায় ৯৫ মিনিট কার্যকর ছিল। শুক্রবারের এই নিষেধাজ্ঞা এরই মধ্যে সেই সময়সীমা অতিক্রম করেছে। এদিন স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং বিকেল সাড়ে পাঁচটা নাগাদও তা বহাল ছিল।
বিমান চলাচল বিশ্লেষক রবার্ট মান বলেছেন, যদি এই নিষেধাজ্ঞা সন্ধ্যা পর্যন্ত চলে, তাহলে উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সপ্তাহান্ত পর্যন্ত সময় লেগে যেতে পারে।

পুরোনো অবকাঠামো আধুনিকীকরণের তাগিদ
যুক্তরাষ্ট্রের সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটি মন্তব্য করেছে, এই ঘটনা বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার অবকাঠামো আধুনিকীকরণের প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। দেশজুড়ে ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার উড়োজাহাজ চলাচল সমন্বয়ের কাজ করে।
রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের আমলের পর থেকে নতুন কোনো নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ করা হয়নি। জনসন ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।