সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সরকারি কেনাকাটায় শর্ত শিথিল ও নতুনদের সুযোগ দিতে সংসদে বিল উত্থাপন
সরকারি কেনাকাটায় বা ক্রয়প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত উদ্যোক্তা এবং তরুণদের অংশগ্রহণের পথ আরও সুগম করতে শর্ত শিথিলের উদ্যোগ নিয়েছে সরকার। এমন কোনো কঠিন শর্ত চাপানো যাবে না, যাতে নবীনদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়—এই বিধান যুক্ত করে জাতীয় সংসদে 'পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল' তোলা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশোধনী বিলটি উত্থাপন করেন। পরবর্তীতে বিলটি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে চলতি বছরের গত সেপ্টেম্বরে সরকার এ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছিল, তা রহিত করে পূর্ণাঙ্গ আইন হিসেবে পাস করার লক্ষ্যেই বিলটি আনা হয়েছে।
সংসদে উপস্থাপিত বিলে বলা হয়েছে, এখন থেকে দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, মোটা অঙ্কের বার্ষিক টার্নওভার, সরকারি সংস্থায় পূর্বকাজের অভিজ্ঞতা কিংবা এককভাবে কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের শর্তকে বাধ্যতামূলক করা যাবে না। তবে কেনাকাটার ধরন, কাজের জটিলতা ও ঝুঁকির বিষয় বিবেচনা করে বিশেষ ক্ষেত্রে ক্রয়কারী কর্তৃপক্ষ শর্ত আরোপের সুযোগ পাবে।
এ ছাড়া দেশীয় শিল্প উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবৃদ্ধিতে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে দেশীয় পণ্যের কেনাকাটায় বিশেষ অগ্রাধিকার বা নির্দিষ্ট পণ্যের ক্রয় বাধ্যতামূলক করার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে দেশীয় উদ্যোক্তা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং এতদিন ধরে বঞ্চিত থাকা দরদাতাদের সুযোগ নিশ্চিত করতে সরকার শর্ত সহজ করতে পারবে।
বিলে বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অংশগ্রহণ প্রসঙ্গে জানানো হয়, বিদেশি দরদাতাদের বাংলাদেশে কেনাকাটা বা প্রাক-যোগ্যতার দরপত্রে অংশ নিতে হলে অবশ্যই দেশীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ (জ্যোইন্ট ভেঞ্চার) গঠন করা বাধ্যতামূলক হবে।
বিলের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০০৬ সালে প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট আইনটি এ পর্যন্ত পাঁচবার সংশোধন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহি এবং সম-অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য দূর করতে এই সংশোধন অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। প্রস্তাবিত বিলটি আইন আকারে কার্যকর হলে সরকারি ক্রয়ে অবাধ প্রতিযোগিতা ও দেশীয় শিল্পের সুরক্ষাসহ জনগণের স্বার্থ আরও সুরক্ষিত হবে।