সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা | সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ
টাঙ্গাইলের সখীপুরে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। তাদের সহপাঠী নাঈম শিকদারের ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তার জন্য মিষ্টির টাকা বাঁচিয়ে তুলে দিয়েছেন নগদ অর্থ। গত ১৬ আগস্ট এই হৃদয়স্পর্শী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রী কার্যালয়ের নজরে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নাঈম শিকদারের মা লাইলী বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমকে ফোন করে বিষয়টি অবহিত করেন। ইউএনও মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতের শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। এই খবর পেয়ে নাঈমের সহপাঠীরা গত রবিবার তার দাদা সাত্তার শিকদারের হাতে ৪০ হাজার টাকা তুলে দেন। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা দিয়েছেন ২০ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা দিয়েছেন আরও ২০ হাজার টাকা। মিষ্টি না খেয়ে শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে লাইলী বেগম সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রধানমন্ত্রীর সাহায্যের খবর শুনে পরিবার মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
বিদ্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম বাদল দেশ রূপান্তরকে বলেন, “প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগ প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে, এতে আমাদের গর্বে বুক ভরে উঠেছে।”
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম দেশ রূপান্তরকে জানান, শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ প্রধানমন্ত্রীর হৃদয় ছুঁয়ে গেছে। ওই মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান নাঈমদের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন।