সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯
মেহেরপুর জেলা জুড়ে মাদক, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধে চালানো বিশেষ অভিযানে এক রাতেই মোট ৪৯ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার একাধিক এলাকায় পুলিশ একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আটককৃতদের মধ্যে সদর থানা এলাকা থেকে ৪৬ জন এবং গাংনী থানা এলাকা থেকে ৩ জন রয়েছেন। আটককৃত ৪৯ জনের মধ্যে ২৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভবিষ্যতে সতর্ক থাকার শর্তে তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
এ অভিযানের বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মেহেরপুরকে মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়ামুক্ত করতে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অপ্রাপ্তবয়স্কদের অপরাধ থেকে দূরে রাখতে প্রথম পর্যায়ে অভিভাবকদের ডেকে মুচলেকায় সতর্ক করা হচ্ছে, তবে মাদকের সঙ্গে যুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। অপরাধ দমনে এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি যোগ করেন।