সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক, আর্থিক অনুদান প্রদান
শারদীয় দুর্গোৎসবের আনন্দময় মুহূর্তে সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজনে সহায়তা হিসেবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা, সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ডিএনসিসি প্রশাসক বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে মো. শফিকুল ইসলাম খান পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উৎসবটি নির্বিঘ্নে উদযাপনের জন্য মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট আয়োজন সম্পর্কেও তিনি খোঁজ নেন।
ডিএনসিসি প্রশাসকের এই আগমন এবং আর্থিক সহযোগিতায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা এই মহতী উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসন এবং প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।