সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নির্মাণ সামগ্রীর চড়া দাম ও উচ্চ সুদে থমকে আছে আবাসন খাত, ধস ঠেকাতে কার্যকর পদক্ষেপের তাগিদ
অনিয়ন্ত্রিত নির্মাণসামগ্রীর দরবৃদ্ধি, ব্যাংক ঋণের চড়া সুদ এবং ফ্ল্যাট কেনার গ্রাহক ঘাটতির কারণে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। নতুন নতুন প্রকল্প নিতে উদ উদ্যোক্তারা ভয় পাচ্ছেন, অন্যদিকে চলমান অনেক আবাসন প্রকল্পের গতিও পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব ছড়াচ্ছে আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রড, সিমেন্টসহ শত শত সংলগ্ন শিল্পে, যার ফলে কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে আসছে।
এমন পরিস্থিতিতে আবাসন খাতকে পুনরুদ্ধারে ব্যক্তিপর্যায়ে গৃহঋণের সুদের হার কমিয়ে ৫ শতাংশ করা, ডেভেলপারদের জন্য এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ সুবিধা প্রদান, ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ কমানো এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি) সাশ্রয়ী আবাসন নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. আলী আফজাল। তাঁর মতে, অবিলম্বে জরুরি পদক্ষেপ না নিলে এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৫০ লাখ শ্রমিকের রুটি-রুজি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল আবাসন খাতের সংকট মোকাবিলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আবাসনকে কেবল ব্যবসা বা মুনাফার মাধ্যম হিসেবে না দেখে মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে মূল্যায়ন করা উচিত।
রিহ্যাব সভাপতি আরও উল্লেখ করেন, বিশ্ববাজারের অস্থিরতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্মাণসামগ্রীর দাম প্রথমে প্রায় ৩১ শতাংশ এবং পরবর্তীতে আরও ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্বিক নির্মাণ খরচ ৪৩ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। তবে গ্রাহকের কাছে চুক্তি অনুযায়ী ফ্ল্যাটের নির্ধারিত দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ রিয়েল এস্টেট কোম্পানিকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লাগে এবং অনেক আগে চুক্তি সম্পন্ন হওয়ায় বর্ধিত ব্যয়ের পুরোটাই ব্যবসায়ীদের বহন করতে হয়। বড় প্রতিষ্ঠানগুলো কিছুটা সামলে নিলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য এ চাপ সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে অনেক নির্মাণকাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানগুলো, ফলে কর্মী ছাঁটাইও বাড়ছে।
ফ্ল্যাটের বিক্রি কমে যাওয়ার মূল কারণ হিসেবে তিনি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, সুদের উচ্চহার এবং অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেন। তাঁর অভিমত, ক্রেতাদের আগ্রহ থাকলেও বর্তমান চড়া দামে মধ্যবিত্তের ফ্ল্যাট কেনার সামর্থ্য নেই।
তিনি জানান, করোনাকালের পর থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক পরিস্থিতি ও বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ফিরিয়ে নেওয়ার অনিশ্চয়তা আবাসন খাতকে আরও পিছিয়ে দিয়েছে। তাছাড়া আবাসন খাতের সঙ্গে রড, সিমেন্ট, টাইলস, গ্লাস ও ফার্নিচারসহ অন্তত ২৭০টি সংযোগকারী শিল্প জড়িত। ফ্ল্যাট নির্মাণ বন্ধ হলে এসব সামগ্রীর চাহিদাও কমে যায়, যার প্রভাবে পুরো ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতি চাপে পড়ে।
ফ্ল্যাট নিবন্ধনের বিষয়ে ড. আলী আফজাল বলেন, বর্তমানে ফ্ল্যাট ক্রয়ের পর রেজিস্ট্রেশন ও অন্যান্য সরকারি ফি বাবদ ১১ থেকে ১৬ শতাংশ পর্যন্ত অতিরিক্ত খরচ হয়, যা ক্রেতাদের জন্য একটি বিশাল বোঝা। এ ব্যয় যুক্তিসঙ্গত পর্যায়ে আনা এবং প্রকৃত বাজারমূল্যে নিবন্ধনের নিয়ম চালু করলে যেমন সাধারণ মানুষ সুবিধা পাবে, তেমনই সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।
অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করতে নকশা অনুমোদন ও সরকারি সেবাসমূহ পুরোপুরি ডিজিটাল করার তাগিদ দেন তিনি। এছাড়া ঢাকার ওপর জনসংখ্যা ও আবাসন চাপ কমাতে বিভাগীয় ও জেলা পর্যায়ে কম সুদে এবং উপজেলা ও গ্রামপর্যায়ে মাত্র ১ শতাংশ সুদে গৃহঋণ দেওয়ার উদ্ভাবনী প্রস্তাব দেন রিহ্যাব প্রধান।
সর্বোপরি, অনাবাসিক সরকারি জমিকে পরিকল্পিতভাবে রিয়েল এস্টেট খাতের সমন্বয়ে ব্যবহার করা এবং শহরের আশপাশের জেলাগুলোর সঙ্গে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা চালুর মাধ্যমে সাশ্রয়ী আবাসন ব্যবস্থার পাশাপাশি আবাসন খাতকে আবার চাঙ্গা করার আহ্বান জানান তিনি।