সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মসজিদকেন্দ্রিক পাঠচক্র থেকে বিশ্ববিদ্যালয় | মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের আখ্যান
আজকের আধুনিক প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের ধারণা বলতে সাধারণত সুবিশাল ক্যাম্পাস, শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, উন্নত গ্রন্থাগার, আবাসিক হল, চিকিৎসাকেন্দ্র এবং শিক্ষকের পর্যাপ্ত অনুপাতকে বোঝানো হয়। অনেকে মনে করতে পারেন, শিক্ষা পরিচালনার এই সুবিন্যস্ত কাঠামো একাল বা সাম্প্রতিক ইউরোপেরই উদ্ভাবন। তবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রায় এক সহস্রাব্দ আগে, যখন ইউরোপের ১০৮৮ খ্রিষ্টাব্দে বলোনা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বীজ রোপিত হচ্ছিল, তারও আগে থেকে ইসলামি বিশ্বে গড়ে উঠেছিল পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
ইসলামি সভ্যতায় এই শিক্ষা ধারার ইতিহাস রাতারাতি তৈরি হয়নি। এর গোড়াপত্তন হয়েছিল রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিদের আমল থেকে মসজিদের আঙিনায় আয়োজিত ছোট ছোট পাঠচক্র বা ‘হালকা’র মাধ্যমে। পরবর্তীতে শিশুদের জন্য মক্তব এবং বয়স্কদের জন্য বড় বড় গ্রন্থাগার গড়ে ওঠে। হিজরি চতুর্থ শতকে এসে খোরাসানের বিভিন্ন শহরে ব্যক্তিকেন্দ্রিক প্রথম আবাসিক মাদ্রাসার উন্মেষ ঘটে। পরবর্তীতে পঞ্চম হিজরি শতকে সেলজুক উজিরে আজম নিজামুল মুলক বিষয়টিকে রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দেন এবং সপ্তম শতকে বাগদাদের মুসতানসিরিয়াহ মাদ্রাসায় এটি চরম উৎকর্ষ অর্জন করে। এই শিক্ষাধারা পর্যায়ক্রমে দামেস্ক, কায়রো, ইস্তাম্বুল পেরিয়ে বাংলার গৌড় পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
মসজিদ থেকেই শিক্ষার শুভসূচনা
ইসলামের প্রারম্ভিক পর্বে জ্ঞানচর্চার মূল কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। বিশিষ্ট ও অভিজ্ঞ আলেমরা স্তম্ভে হেলান দিয়ে বসতেন এবং তাঁদের কেন্দ্র করে অনুসারী ছাত্ররা শিখনকার্যে অংশ নিতেন। পাঠ শেষ হলে শিক্ষক ছাত্রকে ‘ইজাজাহ’ বা প্রশংসাপত্র প্রদান করতেন, যা ছাত্রকে অর্জিত বিদ্যা অন্যকে শেখানোর অনুমতি দিত। প্রাথমিক বিদ্যার জন্য মক্তব বা কুত্তাব এবং উচ্চতর গবেষণার জন্য বাগদাদের ঐতিহাসিক ‘বাইতুল হিকমাহ’র মতো প্রাতিষ্ঠানিক সংস্থা সে সময় অসামান্য ভূমিকা রেখেছিল।
এই ধারাতেই ৮৫৯ খ্রিষ্টাব্দে (২৪৫ হিজরি) মরক্কোর ফেজ শহরে এক মহীয়সী নারী ফাতিমা আল-ফিহরি প্রতিষ্ঠা করেন আল-কারাউইয়িন মসজিদ ও শিক্ষাকেন্দ্র। ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, এটি পৃথিবীর প্রাচীনতম নিরবচ্ছিন্নভাবে ডিগ্রি প্রদানকারী শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তীতে ৯৭০-এর দশকে কায়রোতে ফাতিমীয় শাসনামলে আল-আজহারও একইভাবে মসজিদ ও মাদ্রাসা হিসেবে কার্যক্রম শুরু করে বিরাট বিদ্যাপীঠে রূপ নেয়। সেই যুগে নারী পন্ডিতদের ভূমিকাও লক্ষণীয় ছিল; যেমন ১২ শতকের হাদিসবিদ ইবনে আসাকির বেশ কয়েকজন নারী আলেমদের সান্নিধ্যে শিক্ষা লাভ করেছিলেন।
মাদ্রাসার প্রাথমিক রূপ ও নিজামুল মুলকের অবদান
সাধারণভাবে ধারণা করা হয়, সেলজুক উজির নিজামুল মুলক ১০৬৫ খ্রিষ্টাব্দে ভিত্তি স্থাপন করে ১০৬৭ খ্রিষ্টাব্দে বাগদাদে ‘নিজামিয়াহ মাদ্রাসা’ গড়ে তোলার মাধ্যমেই প্রথম আনুষ্ঠানিক আবাসিক মাদ্রাসার যাত্রা শুরু করেন। যদিও নিজামুল মুলক বাগদাদ ছাড়াও নিশাপুর, ইস্পাহান, বলখ, মার্ভ, বসরা ও মোসুলে মাদ্রাসার বিশাল অবকাঠামো গড়ে তুলেছিলেন, আধুনিক গবেষণায় দেখা গেছে এর অন্তত এক শতাব্দী পূর্বেই নিশাপুর, বুস্ত ও তেহরানে পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল।
ইতিহাসবিদ তাজুদ্দিন আস-সুবকি ও প্রাচ্যবিদ ফার্ডিন্যান্ড উস্টেনফেল্ডের তথ্য অনুসারে, হাদিসবিদ ইমাম আবু হাতিম আল-বুস্তি (মৃত্যু ৩৪৫ হিজরি) বুস্ত শহরে স্বতন্ত্র শিক্ষালয় গড়ে তোলেন, যেখানে ছাত্রাবাস, সমৃদ্ধ লাইব্রেরি ও শিক্ষার্থীদের নিয়মিত স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা ছিল। নিশাপুরেও বাইহাকিয়্যাহ ও সাইদিয়্যাহর মতো বহু প্রতিষ্ঠান নিজামুল মুলকের অনেক আগেই চালুকৃত ছিল। তবে নিজামুল মুলকের মূল কৃতিত্ব ছিল স্বতন্ত্র ও বিক্ষিপ্ত প্রচেষ্টাকে একত্র করে ওয়াকফভিত্তিক রাষ্ট্রীয় রূপদান করা। ১০৯১ সালে তিনি বিশ্বখ্যাত দার্শনিক ইমাম আবু হামিদ আল-গাজালিকে বাগদাদ নিজামিয়াহর প্রধান শিক্ষক নিয়োগ করেন।
স্বতন্ত্র ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের কারণ
মসজিদ থেকে বাইরে পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসা ক্যাম্পাস তৈরির পেছনে মূলত তিনটি অনুঘটক কার্যকর ছিল। প্রথমত, মসজিদে ছাত্রদের উচ্চকণ্ঠে পড়ালেখা, প্রশ্ন-উত্তর ও পারস্পরিক বাহাসের কারণে সাধারণ নামাজিদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হতো। দ্বিতীয়ত, ইসলামি শিক্ষায় যুক্তিশাস্ত্র, তর্কশাস্ত্র (মুনাজারাহ) ও ইলমুল কালামের বিকাশ ঘটায় উন্মুক্ত শ্রেণিকক্ষের প্রয়োজন দেখা দেয়। তৃতীয়ত, প্রাথমিক যুগের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের ঘাটতি দেখা দিলে প্রাতিষ্ঠানিক আর্থিক সুরক্ষার স্বার্থে রাষ্ট্রীয় এবং বিত্তবানদের সহায়তায় ‘ওয়াকফ’ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা সৃষ্টি হয়।
ওয়াকফ এস্টেটের আয় দিয়ে প্রতিষ্ঠানের জমি, শিক্ষকদের বেতন, ছাত্রদের থাকা-খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হতো, যার ফলে শাসক বা সরকারের পরিবর্তন হলেও শিক্ষার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতো না। এছাড়া এসব মাদ্রাসার ভবনগুলোতে পাঠদানের জন্য বিশেষ ‘ইওয়ান’ বা লেকচার হল, সুসজ্জিত আবাসিক কক্ষ, এবং মেধাভিত্তিতে শিক্ষার্থী ভর্তির বিধান রাখা হয়েছিল। প্রাচ্যবিদ জর্জ মাকদিসি তাঁর ‘দ্য রাইজ অব কলেজেস’ গ্রন্থে দেখিয়েছেন, মধ্যযুগের ইসলামি মাদ্রাসা ও ওয়াকফ ব্যবস্থার অবকাঠামো কীভাবে পরবর্তীকালে ইউরোপীয় উচ্চশিক্ষার কলেজ ব্যবস্থাকে প্রভাবিত করেছিল।
বিষয়ভিত্তিক বিশেষায়িত বিদ্যাপীঠ
তৎকালীন মাদ্রাসাসমূহ নির্দিষ্ট পাঠ্যবিষয়ভিত্তিক বিশেষায়িত বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করে। আইন ও ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে হানাফি, মালেকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবের জন্য পৃথক ও যৌথ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। কোরআন পাঠ ও তাফসিরের জন্য ছিল ‘দারুল কোরআন’ এবং উচ্চতর হাদিস গবেষণার জন্য সুলতান নুরউদ্দিন জেনগির আমলে ১১৭০ খ্রিষ্টাব্দে দামেস্কে গড়ে ওঠে প্রথম ‘দারুল হাদিস’।
একইভাবে চিকিৎসাবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গড়ে তোলা হয় ‘বিমারিস্তান’ বা সমন্বিত মেডিকেল কলেজ ও হাসপাতাল। উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিক ৭০৬–০৭ খ্রিষ্টাব্দে প্রথম হাসপাতাল তৈরি করেন। পরবর্তীতে কায়রোর সুলতান মানসুর কালাউন ১২৮৪-৮৫ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ মাসে সুবিশাল কমপ্লেক্স নির্মাণ করেন, যেখানে রোগী ও দরিদ্র মানুষ বিনামূল্যে ওষুধ, আশ্রয় ও সেবা পেতেন এবং শিক্ষার্থীরা সরাসরি তত্ত্বের পাশাপাশি চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণ করতেন।
বাগদাদের মুসতানসিরিয়াহ: অনন্য এক একাডেমিক বিস্ময়
আব্বাসীয় খলিফা আল-মুসতানসির বিল্লাহ ১২৩৩ খ্রিষ্টাব্দে (৬৩১ হিজরি) বাগদাদে দজলা নদীর তীরে ‘আল-মাদ্রাসাতুল মুসতানসিরিয়াহ’ উদ্বোধন করেন। এই পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে চার মাজহাবের শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস ও চিকিৎসাবিদ্যার স্বতন্ত্র অবকাঠামো ছিল।
প্রতিষ্ঠানের ৭৮টি আবাসিক কক্ষে প্রতিটিতে চারজন শিক্ষার্থী থাকার ব্যবস্থা ছিল। পাঠ্য সামগ্রী ও খাবারের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে হাতখরচ হিসেবে মাসে দুটি স্বর্ণমুদ্রা (দিনার), ফলমূল, সাবান ও তেল সরবরাহ করা হতো। চার মাজহাবের জন্য চারজন প্রধান অধ্যাপক ছিলেন, যাঁরা মাসে ১২ দিনার বেতন পেতেন। শ্রেণিকক্ষে প্রতি ১২ জন শিক্ষার্থীর জন্য একজন সহকারী শিক্ষক বা ‘মুইদ’ নিয়োজিত থাকতেন। উদ্বোধনকালে সেখানে ২৪৮ জন শিক্ষার্থীর বিপরীতে ২০ জন শিক্ষক ছিলেন। এ ছাড়া ৮০ হাজার বিরল গ্রন্থের গ্রন্থাগার ও আধুনিক সুবিধাসম্পন্ন চিকিৎসালয় এই প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
বিশ্বব্যাপী বিস্তার ও বাংলার ঐতিহ্য
মুসতানসিরিয়াহর এই সফল রূপরেখা পরবর্তীতে দামেস্ক, কায়রো এবং অটোমান সাম্রাজ্যের সুলেইমানিয়ে কমপ্লেক্সের মাধ্যমে ইস্তাম্বুলে ছড়িয়ে পড়ে। এই আন্তর্জাতিক শিক্ষাধারার আলো এসে পৌঁছেছিল বাংলাতেও। ১৪৭৯ সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে বর্তমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৈরি হয় ‘দারসবাড়ি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স’। বিশালাকার দিঘির পাড়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বাংলায় প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষার উজ্জ্বল সাক্ষ্য হয়ে আজ ধ্বংসাবশেষ হিসেবে টিকে রয়েছে।
ইতিহাস প্রমাণ করে, মুসলিম সভ্যতার এই শিক্ষাবৈপ্লবিক যাত্রায় জ্ঞানচর্চা কেবল ব্যক্তিগত আগ্রহে সীমাবদ্ধ ছিল না; বরং তা রাষ্ট্র, সমাজ ও ওয়াকফভিত্তিক পরোপকারের এক যৌথ মেলবন্ধনে পূর্ণতা লাভ করেছিল। কালের আবর্তে মোঙ্গল আক্রমণ এবং রাজনৈতিক পটপরিবর্তনে অনেক স্থাপনা হারিয়ে গেলেও মেধাভিত্তিক শিক্ষা ও গবেষণার সেই বৈশ্বিক আদর্শ আজও শিক্ষাবিদদের কাছে অনুপ্রেরণার উৎস।