মাঠের উল্লাস ছড়িয়ে পড়ল আলমডাঙ্গা শহরের অলিগলিতে—জয় উদযাপনে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা।
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাঠের উল্লাস ছড়িয়ে পড়ল আলমডাঙ্গা শহরের অলিগলিতে—জয় উদযাপনে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা
রহমান মুকুল: শনিবারের সন্ধ্যাটা আলমডাঙ্গার জন্য যেন একটু অন্যরকম ছিল। দিনের আলো ফুরিয়ে রাত নামলেও শহরে নামেনি সন্ধ্যার ক্লান্তি। বরং চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জয়ের আনন্দে শহরের আকাশে বাতাসে ছিল আনন্দ হিল্লোল আর উচ্ছ্বাস । মাঠে জয়ের যে মুহূর্ত শুরু হয়েছিল, সন্ধ্যার পর তার রেশ ছড়িয়ে পড়ে আলমডাঙ্গার পথে-প্রান্তরে।
চুয়াডাঙ্গার জাফরপুর স্টেডিয়ামে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভাকে হারিয়ে শিরোপা জেতে আলমডাঙ্গা। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে আলমডাঙ্গা। শেষ বাঁশির পর খেলোয়াড়দের উল্লাস, সমর্থকদের উচ্ছ্বাস আর শিরোপা জয়ের আনন্দ একাকার হয়ে যায়।
এরপর আনন্দ আর স্টেডিয়ামে থাকেনি। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে সন্ধ্যার আলমডাঙ্গা হয়ে ওঠে উৎসবমুখর। বিজয়োল্লাসে উৎসবের শহর হয়ে উঠে আলমডাঙ্গা।চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে শহর প্রকম্পিত করে বিজয়মিছিল। কেউ ছুটেছেন খেলোয়াড়দের অভিনন্দন জানাতে, কেউ ভাগ করে নিয়েছেন বিজয়ের আনন্দ। পরিচিত শহরটিও সেদিন যেন পরিচিত ছন্দে ছিল না—মানুষের মুখে মুখে ছিল খেলার কথা, জয়ের কথা, প্রিয় দলের সাফল্যের কথা।
একটি ফুটবল ম্যাচের জয় কখনো কখনো একটি শহরের মানুষের মধ্যে যে কী গভীর আনন্দ তৈরি করতে পারে, শনিবারের আলমডাঙ্গা যেন তারই প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। শিরোপার আনন্দে বয়সের ব্যবধানও সেখানে মুছে গিয়েছিল। খেলোয়াড়দের সাফল্য নিজেদের সাফল্য মনে করে উচ্ছ্বাসে মেতেছিলেন সমর্থকেরা।
ফাইনাল ঘিরে চুয়াডাঙ্গার জাফরপুর স্টেডিয়ামেও ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। করতালি, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো স্টেডিয়াম। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টটির লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা। ‘মাদক নয়, খেলাধুলা করি—মাদকমুক্ত দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতার শিরোপা এবার উঠল আলমডাঙ্গার হাতে।
শিরোপা জয়ের পর আলমডাঙ্গার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার।
শনিবারের সেই রাত তাই আলমডাঙ্গার কাছে শুধু একটি ফুটবল জয়ের রাত ছিল না। ছিল আনন্দ ভাগ করে নেওয়ার রাত। মাঠে পাওয়া একটি শিরোপা সেদিন ছুঁয়ে গিয়েছিল পুরো শহরকে—আর সেই স্পর্শেই রাতের আলমডাঙ্গা হয়ে উঠেছিল এক শহরের সম্মিলিত আনন্দের গল্প।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
১১ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী
১ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল
৫ ঘন্টা আগে