সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যৌথ উদ্যোগে র্যালি, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আকাশে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
পরবর্তী সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং বিআরটিএ-র সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপশি পথচারীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সাধারণ জনগণ ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।