সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখার পাশাপাশি তৈরি পোশাক খাতে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভেতর ও বিদেশ থেকে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্প বা অর্থনীতিকে সঙ্কটে ফেলার অপচেষ্টা করা হলে কালবিলম্ব না করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।
একই সঙ্গে নিজ নিজ এলাকায় অবস্থান করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়েছে। অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা দিলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়।
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব দিকনির্দেশনা দেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, জননিরাপত্তা এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পোশাক খাতের উৎপাদন স্বাভাবিক রাখা ও অর্থনীতিকে গতিশীল রাখার প্রতি বিশেষ জোর দিয়ে বৈঠকে জানানো হয়, শ্রমিকদের পাওনা ও জীবনমান বিবেচনায় নির্দিষ্ট সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ইতোমধ্যে বোর্ডের বিভিন্ন বৈঠক সম্পন্ন হয়েছে। মজুরি নির্ধারণ প্রক্রিয়া সচল থাকা অবস্থায় সড়ক অবরোধ বা ভাঙচুরের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার পেছনে দুষ্কৃতকারীদের হাত থাকতে পারে বলে আলোচনা করা হয়।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বৈঠকে তুলে ধরা হয় যে, সাধারণ শ্রমিকদের অন্তরালে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক শক্তি ও উগ্রপন্থী গোষ্ঠীর কর্মীরা সুসংগঠিত হয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অশুভ তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সেশনের হালনাগাদ তথ্য, জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ, ভ্যাট আইন সংশোধন ও রামাদান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাবসহ নানা গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।