সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বৃষ্টি উপেক্ষা করে আইসিসিবিতে জমে উঠেছে গাড়ি কেনাবেচার মেলা, সমাগম বাড়ায় বাড়ল সময়
রাজধানীতে অবিরাম বৃষ্টি সত্ত্বেও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে গাড়িপ্রেমীদের ব্যাপক সমাগমে জমে উঠেছে ‘সুপার সেল কার বাজার’। ক্রেতা ও বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনের ষষ্ঠ পর্বেও ছিল উৎসবমুখর পরিবেশ। ক্রেতাদের আগ্রহ ও ভিড় বিবেচনায় নিয়ে আয়োজনের নির্ধারিত সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ প্রয়াসে আয়োজিত এই হাটে একই স্থানে নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ি দেখার পাশাপাশি কেনাবেচার সুযোগ মিলছে। ষষ্ঠ সপ্তাহেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা নিজেদের বাহন নিয়ে হাজির হন এবং সাধারণ ক্রেতারা মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই সরাসরি গাড়ি ও মোটরসাইকেল কেনার সুযোগ পান।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপো ভিলেজে ছিল দরদামের ব্যস্ততা। অনেক ক্রেতাই পছন্দের মডেল পরখ করার পাশাপাশি বিভিন্ন ব্যাংকের অটো লোনের সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। একাধিক শোরুম ঘোরার ঝক্কি এড়াতে এক ছাদের নিচে প্রায় ৫০টি শোরুমের সুবিধা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, দেড় মাস ধরে চলা এই আয়োজনে বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো প্রভাব পড়েনি। তিনি আরও উল্লেখ করেন, বিকালের দিকে ক্রেতা ও দর্শনার্থীর চাপ বৃদ্ধি পাওয়ায় এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সুপার সেল কার বাজার।