সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ফুটপাত ও সড়ক দখলে সংকুচিত মাদানী অ্যাভিনিউ | বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
রাজধানীর ভাটারা এলাকার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট প্রশস্ত সড়কটি দখলদারিত্ব ও বিশৃঙ্খলার কারণে সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাত ছাড়িয়ে হকারদের পসরা, যত্রতত্র অবৈধ পার্কিং এবং অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার দখলে সড়কটির বড় অংশই এখন কার্যত অচল। স্থানীয় বাসিন্দারা জানান, হকার ও অবৈধ দখলের কারণে কোনো কোনো স্থানে প্রায় ৯০ ফুট জায়গা বন্ধ হয়ে গাড়ি চলাচলের জন্য মাত্র ১০ ফুট অবশিষ্ট থাকে। ফলে চরম যানজট, ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিদিন।
সরেজমিনে দেখা গেছে, ফুটপাত পেরিয়ে মূল সড়কের ওপর তিন থেকে চার সারিতে বসেছে অস্থায়ী দোকানপাট। ফলে ১০০ ফুট চওড়া এই সড়কে যানবাহন চলাচলের পর্যাপ্ত স্থান থাকছে না। ব্যস্ত সময়ে সংকুচিত এই পথ দিয়ে গাড়ি পার হতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়ছে আশপাশের এলাকাতেও।
পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত পুরোপুরি দখলে চলে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নারী, শিশু ও প্রবীণরা বাধ্য হয়ে চলন্ত যানবাহনের পাশ দিয়ে মূল সড়ক দিয়ে হাঁটছেন। বিশেষ করে রাতে আলো-আঁধারিতে মাদানী অ্যাভিনিউ দিয়ে নিরাপদে হাঁটাচলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এ দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ লেন পরিবর্তন, উল্টো পথে চালানো এবং রাস্তার মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের দুই পাশে ব্যক্তিগত যানবাহনের অবৈধ পার্কিং।
এলাকাবাসীর আশঙ্কা, সড়কটি এভাবে দখল হয়ে থাকলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের মতো জরুরি সেবার যানবাহন চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটবে। জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে। স্থানীয়রা অবিলম্বে স্থায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং সড়ক পরিচালনায় শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কের সিংহভাগই অবৈধ দখলে, সীমাহীন ভোগান্তিতে নগরবাসী
৬ দিন আগে
দখল আর যত্রতত্র পার্কিংয়ে সংকুচিত মাদানী অ্যাভিনিউ, ১০০ ফুটের সড়কে চলাচলের জায়গা মাত্র ১০ ফুট
১ সপ্তাহ আগে
বৃষ্টি উপেক্ষা করে আইসিসিবিতে জমে উঠেছে গাড়ি কেনাবেচার মেলা, সমাগম বাড়ায় বাড়ল সময়
২ সপ্তাহ আগে