সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে পরিবারের যাতায়াতের পথ অবরুদ্ধের অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা বা ইনজাংশন উপেক্ষা করে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে। এ ঘটনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভুক্তভোগী রবিউল ইসলামের পরিবার।
চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম। এর পাশাপাশি চুয়াডাঙ্গার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও প্রতিকার চেয়ে আবেদন করেছেন তিনি।
অভিযোগে কায়েতপাড়া গ্রামের প্রতিবেশী মো. জামাত আলী (৬০), তাঁর ছেলে লাবলু (৪০), আজিজ (৪৫), টুটুল (৩২) এবং পান্না (৪০)—এই পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। রবিউল জানান, একই দাগের জমি নিয়ে জামাত আলীর পরিবারের সাথে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিগত প্রায় ৭০ বছর ধরে তাঁরা নিজ ভিটায় বসবাস করছেন এবং গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ওই পথ দিয়ে যাতায়াত করে আসছেন।
অভিযোগের বিবরণে উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর অভিযুক্তরা প্রথমে বসতবাড়ির সামনে প্রবেশপথে বেড়া দেয়। পরবর্তীতে ১১ নভেম্বর বিকেলে কায়েতপাড়া ১১২ নম্বর মৌজার আরএস-৩৪৮ খতিয়ানের ১৬১০ নম্বর দাগভুক্ত জমির পশ্চিম পাশের আইল ঘেঁষে থাকা মূল সড়কের সংযোগ পথটিতেও বাঁশের বেড়া দিয়ে চলাচলের সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। রাস্তা বন্ধ থাকায় রবিউলের পরিবারের সদস্যরা স্বাভাবিক যাতায়াত করতে পারছেন না; ফলে স্থবির হয়ে পড়েছে তাঁদের কৃষিকাজ এবং বন্ধ রয়েছে সন্তানদের বিদ্যালয়ে যাওয়া।
ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করে রবিউল ইসলাম বলেন, "আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেআইনিভাবে বিবাদীরা আমাদের পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা ঘর থেকে বের হতে পারছি না। বাচ্চাদের পড়াশোনা ও জমির কাজকর্ম থমকে গেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমরা দ্রুত বেড়া অপসারণ এবং যাতায়াতের পথ সচল করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।"
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, প্রায় এক মাস আগে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে মীমাংসা হয়নি। পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করে বেড়া দেওয়া ঠিক হয়নি। আইনি আদেশের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত। স্থানীয়ভাবে এটি আবারও মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা ও টেস্ট পরীক্ষার ফল প্রকাশ
১০ ঘন্টা আগে