আলমডাঙ্গা পৌরসভার উন্মুক্ত নিলামে রাজস্ব বৃদ্ধি।। এমপি মাসুদ পারভেজ রাসেল ও ইউএনও পান্না আক্তারের সক্রিয় ভূমিকা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরসভার উন্মুক্ত নিলামে রাজস্ব বৃদ্ধি।। এমপি মাসুদ পারভেজ রাসেল ও ইউএনও পান্না আক্তারের সক্রিয় ভূমিকা
দীর্ঘদিনের অনিয়ম, গোপন সমঝোতা ও প্রভাবশালী সিন্ডিকেটের দখলদারিত্ব থেকে বেরিয়ে এসে আলমডাঙ্গা পৌরসভার হাটবাজারগুলোতে এবার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিগত অর্থবছরে যেখানে কোনো উন্মুক্ত নিলাম হয়নি, সেখানে চলতি অর্থবছরে স্বচ্ছ নিলামের মাধ্যমে পৌরসভার রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের মতে, সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল-এর কঠোর অবস্থান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পান্না আক্তার-এর আন্তরিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বিগত ১৪৩৩ সালে পশুহাটের ইজারা মূল্য ছিল ২,৫৩,৩৫,২০০ টাকা, যা ১৪৩৪ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৩৭,৪০,৫৫০ টাকায়। অর্থাৎ এই একটি খাত থেকেই রাজস্ব বেড়েছে ১,৮৪,০৫,৩৫০ টাকা। সবচেয়ে চমকপ্রদ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে মোটরসাইকেল হাটে; যেখানে ১৪৩৩ সালে ইজারা ছিল ৫১,৩৩,৭১৪ টাকা, সেখানে ১৪৩৪ সালে তা এক লাফে ১,৬৬,০৫,০০০ টাকায় উন্নীত হয়েছে। একইভাবে পৌর তহবাজারের মূল্য ৫২,৯৭,৯৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫,০০,১৯৯ টাকা। ছাগলের হাটে ২২,৬৯,৭০১ টাকার স্থলে এবার ইজারা হয়েছে ২৮,০৫,৫০০ টাকা। পানহাটের ক্ষেত্রে চিত্রটি আরও স্পষ্ট, গত বছরের ৯,৪৮,৯৪৯ টাকার ইজারা এবার দাঁড়িয়েছে ১৮,০০,০০০ টাকায়। ছোটখাটো হাট ও স্ট্যান্ডগুলোতেও একই ধারায় প্রবৃদ্ধি ঘটেছে। সাইকেল হাট ১,১৪,৫০০ টাকা থেকে বেড়ে ১,৫০,৫০ টাকা, অটো সিএনজি স্ট্যান্ড ২,১৬,৩০০ টাকা থেকে বেড়ে ৩,২০,০০০ টাকা এবং আনন্দধাম তহবাজার ৭৩,৫১৭ টাকা থেকে বেড়ে ১,৫০,০০০ টাকায় উন্নীত হয়েছে। এছাড়া বাস টার্মিনালে ১,০২,৩৩৩ টাকার পরিবর্তে ১,৯৯,৭৬০ টাকা, জবেহখানায় ১,৯৮,৫৯০ টাকার স্থলে ৩,০৫,১০৬ টাকা এবং তাঁতীসেড শৌচাগারে ১,৭৩,১০০ টাকার পরিবর্তে ২,৩৬,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। ইজারা মূল্যের এই বিশাল ব্যবধান প্রমাণ করে যে, সঠিক নেতৃত্ব এবং সততার সাথে তদারকি করলে সরকারি সম্পদ থেকে যথাযথ আয় নিশ্চিত করা সম্ভব।
স্থানীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন এবং তার কঠোর নির্দেশ ছিল যেন কোনো সিন্ডিকেট বা অনিয়ম ইজারা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। একই সাথে পৌর প্রশাসক হিসেবে ইউএনও পান্না আক্তারের সরাসরি তত্ত্বাবধান ও বিচক্ষণ সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হচ্ছে। উন্মুক্ত ও স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে তিনি ইজারা মূল্যে এই অভাবনীয় সাফল্য নিশ্চিত করেছেন। সচেতন মহলের মতে, প্রশাসনের এই দৃঢ় অবস্থানের ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে, যা আলমডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ ছিল, আগে ফ্যাসিস্ট শাসনামলে একটি প্রভাবশালী সিন্ডিকেট বছরের পর বছর হাটবাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখে আসছিল। ফ্যাসিস্ট বিদায়ের পরও অবস্থা অপরিবর্তিত ছিল। প্রকৃত দরদাতারা নিলামে অংশ নিতে পারতেন না। তবে এবার পরিস্থিতি বদলেছে।
সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের কঠোর নির্দেশনা ও নজরদারিতে নিলাম প্রক্রিয়ায় কোনো রকম অনিয়মের সুযোগ পায়নি সিন্ডিকেট। পাশাপাশি ইউএনও ও পৌর প্রশাসক পান্না আক্তার নিলাম ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করেন। তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত, আইনগত দিক বিবেচনা এবং প্রশাসনিক দৃঢ়তায় নিলাম সফলভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এবার নিলাম খোলাখুলি হয়েছে। আগে একটি চক্র সব নিয়ে নিত। এবার সবাই সুযোগ পেয়েছে। এতে পৌরসভারও লাভ হয়েছে।
সচেতন নাগরিকদের মতে, নিয়মিত উন্মুক্ত নিলাম চালু থাকলে শুধু রাজস্ব বাড়বে না, প্রশাসনের ওপর মানুষের আস্থাও আরও দৃঢ় হবে। তারা চান, এই স্বচ্ছতা ও কঠোরতা ভবিষ্যতেও বজায় থাকুক।