২৬ বছর ধরে মাটির নিচের কক্ষে সাধনাকারী লাভলী শাহ ফকিরানীর আশ্রম পরিদর্শন ইউএনও'র
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২৬ বছর ধরে মাটির নিচের কক্ষে সাধনাকারী লাভলী শাহ ফকিরানীর আশ্রম পরিদর্শন ইউএনও'র
শরিফুল ইসলাম রোকন / মুর্শিদ কলিন: আলমডাঙ্গার ঘোলদাড়ী গ্রামের জনবসতিহীন নির্জন মাঠের একটি বাগান। চারপাশে নিস্তব্ধতা, যাতায়াতের নেই ভালো রাস্তা, নেই বিদ্যুৎ সংযোগ। সেই বাগানের সাড়ে সাত শতক জমিতে গড়ে উঠেছে ‘বিশ্ব ধ্যান মঞ্জিল’। টিনের চালার নিচে সিঁড়ি বেয়ে মাটির নিচে নামলেই অন্ধকার সুড়ঙ্গের মতো একটি কক্ষ। সেখানেই দীর্ঘ ২৬ বছর ধরে সাধনায় নিমগ্ন লাভলী শাহ ফকিরানী নামে এক নারী। জীবনের দীর্ঘ পথপরিক্রমায় অনাথ ও অসহায় শিশুদের আশ্রয় দিয়েছেন, নিজের সন্তান না থাকলেও ২০ জনের বেশি এতিম ও পথশিশুকে লালন-পালন করে বড় করেছেন। তাঁর জীবনের দর্শন—মানবধর্মই বড় ধর্ম।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ব্যতিক্রমী এই আশ্রম পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এ সময় উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস সঙ্গে ছিলেন। আশ্রমের পরিবেশ, অবকাঠামো ও লাভলী শাহ ফকিরানীর জীবনযাপনের খোঁজখবর নেন তারা।
ঘোলদাড়ী গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বেলের মাঠ নামক নির্জন স্থানে আশ্রমটির অবস্থান। গ্রাম থেকে আড়াই থেকে তিন কিলোমিটার মেঠোপথ পেরিয়ে সেখানে পৌঁছতে হয়। আশ্রম পর্যন্ত যাওয়ার জন্য এখনো পূর্ণাঙ্গ রাস্তা নেই। তিনটি টিনের ঘর নিয়ে গড়ে উঠেছে আশ্রমের অবকাঠামো। একটি ঘরে থাকেন লাভলী শাহ ফকিরানী। অন্য একটি ঘরে ভক্তদের সঙ্গে কথা বলা ও ইবাদত-বন্দেগির জন্য রয়েছে দুটি পৃথক আসন। আর থাকার ঘর থেকে কিছুটা দূরে মাটির নিচে তৈরি সুড়ঙ্গসদৃশ কক্ষটিই তাঁর সাধনাস্থল। ২০০০ সালে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলে জানান তিনি।
আশ্রমে বিদ্যুৎ মিটার নেই। পাশের একটি সেচপাম্প থেকে তার টেনে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন রাজবাড়ীর মাহবুব আলম বাচ্চু ও রংপুরের আলভী বেগম নামে দুই খাদেম।
লাভলী শাহ ফকিরানীর দীর্ঘদিনের সঙ্গী মাহবুব আলম বাচ্চু জানান, তাঁরা দীর্ঘ ২৬ বছর ধরে এই আশ্রমে সাধনা করে আসছেন। এখানে নিয়মিত সাধুসঙ্গ ও ফলসেবার আয়োজন করা হয়। প্রতিবছর একবার ওরশও অনুষ্ঠিত হয়। জীবনের দীর্ঘ সময়ে ২০ জনের বেশি এতিম ও পথশিশুকে আশ্রয় দিয়ে লালন-পালন করেছেন লাভলী শাহ ফকিরানী। দিনের বেলায় শিশুদের সঙ্গে সময় কাটাতেন, আর রাতের বেলায় মাটির নিচের কক্ষে সাধনায় নিমগ্ন থাকতেন। একটানা ৪১ দিন ওই সুড়ঙ্গকক্ষে ধ্যানে মগ্ন ছিলেন বলেও জানান তিনি। বর্তমানে বার্ধক্যজনিত নানা অসুস্থতা থাকলেও সাধনা অব্যাহত রেখেছেন এই নারী।
ইরাক থেকে ঘোলদাড়ী, দীর্ঘ এক জীবনের পথচলা: নিজের অতীত জীবনের কথা বলতে গিয়ে লাভলী শাহ ফকিরানী জানান, শৈশবে তিনি ইরাকে ছিলেন। অনাথ হওয়ায় নিজের পিতা-মাতার পরিচয় কিংবা তাদের খোঁজ জানতেন না। ইরাকের সাধক ব্যারিস্টার মবিদুল শাহের কাছে আধ্যাত্মিক দীক্ষা নেন। গুরুই তাঁর নাম রাখেন লাভলী শাহ। গুরুর সান্নিধ্য পাওয়ার জন্য দীর্ঘদিন তাঁর বাড়ির ফটকের কাছে ঘোরাফেরা করার পর একসময় তিনি ডাক পান।
গুরুর নির্দেশে ১২-১৩ বছর বয়সে পিতা-মাতার সন্ধানে বেরিয়ে পড়েন। প্রথমে পাকিস্তানে, পরে ভারতে যান। দেশভাগের সময় ১৯৪৭ সালের দিকে বাংলাদেশে আসেন বলে জানান তিনি। প্রথমে রংপুর এলাকায় বসবাস শুরু করেন। সেখানে বেশ কয়েকজন এতিম শিশুকে লালন-পালন করেন। পরে বাংলাদেশের বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান। রাজবাড়ীর একটি মাজারে দীর্ঘ ২৯ বছর অবস্থানের পর ২০০০ সালে আলমডাঙ্গার ঘোলদাড়ীতে আসেন। এরপর দুই খাদেমকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন এই আশ্রম।
নিজের বয়স ১০০ বছরের বেশি বলে দাবি করেন লাভলী শাহ ফকিরানী। তবে জন্মপরিচয়, পিতা-মাতার নাম কিংবা সুনির্দিষ্ট জন্মতারিখ সম্পর্কে কিছুই জানেন না তিনি। জীবনের দীর্ঘ সময় মানুষের সেবা ও আধ্যাত্মিক সাধনায় কাটিয়ে দিয়েছেন।
ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে মানবতার শিক্ষা: আশ্রমের ভেতরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ছবি রয়েছে। আশ্রমের ব্যানারে মানবধর্মের প্রতি গুরুত্ব দিয়ে লেখা রয়েছে—মানবধর্মই বড় ধর্ম। জাতপাত কিংবা ধর্মীয় পরিচয়ের ভেদাভেদ নয়, মানুষের প্রতি ভালোবাসা ও মানবসেবাকেই জীবনের মূল সাধনা বলে মনে করেন লাভলী শাহ ফকিরানী।
তিনি বলেন, “আমার কাছে সব মানুষ সমান। মানবধর্মই বড় ধর্ম। জীবনে অনেক কষ্ট করেছি, এতিম শিশুদের নিজের সন্তানের মতো বড় করেছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। মৃত্যুর পরও এই আশ্রমের মাটিতেই থাকতে চাই।”
সরকারের কাছ থেকে কখনো কোনো অনুদান পাননি বলে জানান তিনি। তবে এ নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই। মানুষের ভালোবাসা নিয়েই জীবনের বাকি সময় কাটাতে চান। মৃত্যুর পরও নিজের সাধনাস্থলেই সমাহিত হওয়ার ইচ্ছা তাঁর।
আশ্রমের উন্নয়নে প্রশাসনের আশ্বাস: দীর্ঘদিন ধরে দুর্গম যাতায়াতব্যবস্থা, অপর্যাপ্ত অবকাঠামো ও বিদ্যুৎ-সংকটের মধ্যে চলছে আশ্রমটির কার্যক্রম। লাভলী শাহ ফকিরানীর দাবি, আশ্রমে যাওয়ার রাস্তাটি নির্মাণ, সাধনাস্থল ও ঘরগুলো পাকা করা এবং স্থায়ী বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার জানান, আশ্রমে যাওয়ার রাস্তার একটি অংশ ইতোমধ্যে আইডিভুক্ত করা হয়েছে। বাকি অংশের রাস্তা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লাভলী শাহ ফকিরানীর চিকিৎসার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাঁকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনারও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু, আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান রেজা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার
১ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২
৫ ঘন্টা আগে