সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অনলাইন সহিংসতা প্রতিরোধে মেহেরপুরে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সেমিনার
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (মল্লিকপাড়া) সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক সহিংসতা প্রতিরোধে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি এস এম রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজে সাইবার বুলিং, ডিজিটাল হয়রানি ও নানা ধরনের অনলাইন প্রতারণা মারাত্মক উদ্বেগ তৈরি করেছে, যার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এসব অপতৎপরতা থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের জেলা উপদেষ্টা ইয়াদুল মোমিন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সুফল জীবনকে সহজ করলেও এর অপব্যবহার নতুন নতুন ঝুঁকি তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ কিংবা ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার করার ক্ষেত্রে শিক্ষার্থীদের বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে। কোনো ধরনের সাইবার হয়রানির সম্মুখীন হলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে শিক্ষক বা অভিভাবকদের জানাতে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মো. হাসানুজ্জামান এবং সহকারী শিক্ষক মোছা. মাসুদা খাতুন। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সদস্য মোছা. টুম্পা, মুন্নি, সিনথিয়া ও সুস্মিতাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।
পুরো সেমিনারটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান।