লগইন
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
সেন্ট মার্টিন ভ্রমণ | অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

বিশেষ প্রতিনিধি:

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করলেও, সেখানে যাতায়াতের পথে নানা ধরনের ভোগান্তি এখন আনন্দের পরিবর্তে ক্লান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রা শুরু করে দ্বীপে অবস্থান এবং ফেরার সময় পর্যন্ত পর্যটকদের চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। জাহাজ ছাড়ার অনির্দিষ্ট সময়, দীর্ঘ নৌপথ, প্রতিকূল আবহাওয়ার কারণে আটকা পড়া, অতিরিক্ত ব্যয় এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব—এসবই পর্যটকদের অভিযোগের মূল কারণ।

পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাঁকখালী নদীর নাব্য সংকট এতটাই প্রকট যে জোয়ারের পর্যাপ্ত পানির জন্য অপেক্ষা করতে গিয়ে প্রায়শই জাহাজ ছাড়তে বিলম্ব হয়। এর ফলস্বরূপ গভীর রাত বা ভোরে জাহাজ ছাড়ার ঘোষণা আসে, যা পর্যটকদের জন্য হোটেল ছেড়ে দ্রুত ঘাটে পৌঁছানোকে কঠিন করে তোলে। ঘাট থেকে সেন্ট মার্টিন পৌঁছতে কখনও কখনও ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগছে। সামগ্রিকভাবে, ভ্রমণ অভিজ্ঞতা আনন্দদায়ক হওয়ার বদলে ক্লান্তি ও ভোগান্তিতে ভরে উঠছে।

নীলফামারী থেকে প্রথমবার সেন্ট মার্টিন ভ্রমণে আসা ব্যবসায়ী মো. খাইরুল আনাম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এই ভোগান্তির শিকার হন। দ্বীপের সৌন্দর্য ও স্থানীয়দের আতিথেয়তা তাঁকে মুগ্ধ করলেও, দীর্ঘ নৌযাত্রা নিয়ে তিনি ঘোর অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য জাহাজের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজ চলাচল করায় পর্যটকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ বা পরিবর্তনের সঠিক তথ্যও সময়মতো পর্যটকদের কাছে পৌঁছায় না।”

পরিবারের ছয় সদস্য নিয়ে ভ্রমণ করা খাইরুল জানান, কক্সবাজার থেকে দ্বীপে পৌঁছতে তাঁকে সাত ঘণ্টারও বেশি সময় জাহাজে কাটাতে হয়েছে। এতে তাঁর বৃদ্ধা মা কয়েকবার বমি করেছেন। যাতায়াত বাবদ জনপ্রতি চার হাজার ২০০ টাকা জাহাজভাড়া দেওয়ার পরও তাঁর কাছে পুরো ভ্রমণটি স্বস্তির বদলে কষ্টকর মনে হয়েছে। তিনি দুই রাত তিন দিন সেন্ট মার্টিনে থাকার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে পাঁচ দিনের বেশি দ্বীপে আটকা পড়ে থাকতে হয়েছে। এতে তাঁর অতিরিক্ত সময় ও ব্যয়ের চাপ তৈরি হয়।

সুনামগঞ্জ থেকে আসা এনজিওকর্মী জাহেদ হাসানও প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়েছিলেন। গত ১৮ নভেম্বর এক বন্ধুর সাথে তিনি দুই দিনের জন্য সেন্ট মার্টিন গেলেও, শেষ পর্যন্ত তাঁকে সেখানে পাঁচ দিন কাটাতে হয়। জাহেদ জানান, অতিরিক্ত তিন দিন অবস্থানের কারণে তাঁকে ধারদেনা করতে হয়েছিল। তবে সে সময় দ্বীপের হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের প্রতি সহানুভূতিশীল ছিল। তিনি আরও বলেন, সুনামগঞ্জ থেকে ঢাকা, তারপর কক্সবাজার হয়ে বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছে সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখার জন্য এত দূরের পথ পাড়ি দিয়েও জোয়ারের জন্য জাহাজ ছাড়ার অপেক্ষা করা তাঁর কাছে সম্পূর্ণ অস্বাভাবিক মনে হয়েছে।

পর্যটকদের অভিযোগ, বাঁকখালী নদীতে জোয়ারের পানি পর্যাপ্ত না হওয়া পর্যন্ত জাহাজ চলাচলের উপযোগী পরিস্থিতি তৈরি হয় না। কখনও কখনও রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪টার মধ্যেও জাহাজ ছাড়ার ঘোষণা আসে। এমন পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষ হোটেলে অবস্থানরত পর্যটকদের ফোন করে দ্রুত ঘাটে পৌঁছানোর নির্দেশ দেয়। গভীর রাতে হোটেল থেকে নদীর ঘাটে পৌঁছানো অনেকের জন্য কঠিন হয়ে পড়ে এবং সময়মতো ঘাটে পৌঁছাতে না পেরে কেউ কেউ জাহাজে উঠতেও পারেন না। অন্যদিকে, সময়মতো জাহাজে উঠতে পারলেও দীর্ঘ ছয়-সাত ঘণ্টার নৌযাত্রা পর্যটকদের জন্য শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে, যার ফলে দ্বীপে অবস্থানের মূল্যবান সময়ও কমে যায়।

পর্যটকদের একটি বড় অংশের দাবি, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পরিবর্তে টেকনাফের শাহপরীর দ্বীপ কিংবা মেরিন ড্রাইভের কোনো উপযুক্ত জেটি থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হলে যাতায়াতের সময় অনেক কমে আসবে। তাদের মতে, এসব স্থান থেকে জাহাজ চলাচল করলে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সেন্ট মার্টিনে পৌঁছানো সম্ভব হতে পারে। এতে পর্যটকদের দুর্ভোগ কমার পাশাপাশি দ্বীপে অবস্থানের সময়ও বাড়বে।

সেন্ট মার্টিন-কক্সবাজার জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, পাহাড়ি ঢলের সাথে পলি ও মাটি এসে বাঁকখালী নদীর নাব্য কমে গেছে, ফলে নদীতে পর্যাপ্ত জোয়ারের পানি না আসা পর্যন্ত জাহাজ চালানো সম্ভব হয় না। তবে সেন্ট মার্টিনের ঘাটে এই ধরনের সমস্যায় পড়তে হয় না বলে তিনি উল্লেখ করেন। হোসাইনুল ইসলাম বাহাদুর আরও বলেন, আগে মেরিন ড্রাইভের নৌবাহিনী জেটি থেকে জাহাজ চলাচল করত, তখন সেন্ট মার্টিনে পৌঁছাতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগত। বর্তমানে পাঁচটি জাহাজ দ্বীপে যাত্রী পরিবহন করছে এবং আরও কয়েকটি জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। তাঁর ভাষ্য, বাঁকখালী নদী থেকে জাহাজ ছাড়ার কারণে যাত্রার সময় বেড়ে যাওয়ায় পর্যটকদের ভোগান্তিও বাড়ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। তিনি জানান, ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর পর পর্যটকসংখ্যা ক্রমেই কমছে। গতকাল সোমবার পাঁচটি জাহাজে মাত্র এক হাজার ৩৬২ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন। এত কম যাত্রী নিয়ে জাহাজ চালানোয় জ্বালানি খরচও ওঠে না বলে তিনি আক্ষেপ করেন।

বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ মালিকানাধীন নৌঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, একই জেটি ব্যবহার করে মহেশখালী ও কুতুবদিয়াগামী যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ টাকা টোল নেওয়া হলেও, সেন্ট মার্টিনগামী যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কক্সবাজারের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন। তাঁর দাবি, টেকনাফে বিআইডব্লিউটিএর জেটি থাকলেও মিয়ানমার পরিস্থিতির কারণে সেখান থেকে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কক্সবাজার শহরের জেটি নিলামে দেওয়ার মাধ্যমে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টোল পুনর্নির্ধারণ করেছে।

সেন্ট মার্টিন ভ্রমণে আরেকটি বড় সমস্যা হলো বৈরী আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত সপ্তাহে দ্বীপে অন্তত দেড় হাজার পর্যটক দুর্ভোগে পড়েন। স্থানীয় সতর্কসংকেত ৩ নম্বর জারি হওয়ায় গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে দ্বীপে অবস্থানরত অনেক পর্যটককে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক দিন বেশি থাকতে বাধ্য হতে হয়। জাহাজ মালিকদের অভিযোগ, বৈরী আবহাওয়ার বিষয়ে যথাসময়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, “আবহাওয়া বিভাগের সংকেত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাসময়ে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না।” তবে স্থানীয় সহকারী আবহাওয়াবিদ এম এ হান্নান জানান, আবহাওয়ার সংকেত যথারীতি বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। বিআইডব্লিউটিএর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, ৩ নম্বর সংকেত জারি হলেই জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, প্রতিবছর ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণ কার্যক্রমে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্তৃপক্ষ, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটিএসহ একাধিক সরকারি সংস্থার দায়িত্ব রয়েছে। জেলা প্রশাসনের দায়িত্ব সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় করা, পরিবেশ অধিদপ্তর পরিবেশসংক্রান্ত বিধিবিধান বাস্তবায়ন করা, পর্যটন কর্তৃপক্ষ পর্যটকদের অনুমতি ও টিকিটসংক্রান্ত বিষয় দেখা, কোস্ট গার্ড পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিআইডব্লিউটিএ জাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। কিন্তু বাস্তবে এসব সংস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নেই বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে বাঁকখালী নদীর ঘাট থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার সময় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিও দেখা যায়নি। বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক তফাজ্জল হোসেন জানান, “এখন পর্যন্ত ঘাটে পরিবেশ ও পর্যটন কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি আসেননি। জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিও তিন দিন ধরে নেই।”

পর্যটকদের দাবি, নিরাপত্তার কারণে বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত যৌক্তিক হলেও, দ্বীপে আটকা পড়া পর্যটকদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা দরকার। বিশেষ করে থাকা, খাওয়া ও চিকিৎসাসেবার বিষয়টি প্রশাসনের নিবিড় নজরদারিতে আনা প্রয়োজন। একই সাথে, হোটেল, খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন পর্যটকরা। তাদের মতে, সেন্ট মার্টিন ভ্রমণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ নৌযাত্রা এবং জাহাজ ছাড়ার অনিশ্চিত সময়। এই ভোগান্তি অব্যাহত থাকলে দ্বীপের পর্যটন আকর্ষণ আরও কমে যেতে পারে। তাই যাতায়াত ব্যবস্থা সহজ, দ্রুত ও পর্যটকবান্ধব করতে বিকল্প ঘাট এবং জাহাজ চলাচলের বর্তমান ব্যবস্থাপনা পুনর্বিবেচনার দাবি উঠেছে।

পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ তদন্তে গত রবিবার সেন্ট মার্টিন দ্বীপে যান কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান সায়েম। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে পর্যটক হয়রানির অভিযোগ তদন্ত করতে তিনি দ্বীপে গেছেন। খাবারসহ বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি দৃঢ়ভাবে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

১২ মিনিট আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

২ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৩ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৩ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৭ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৭ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৯ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।