সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক
দেশের জ্বালানি আমদানি খাতকে ঘিরে একটি পুরনো প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য আবার প্রকাশ্যে এসেছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক সরবরাহকারী বাছাই, সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে কেনাকাটা, দরপত্র আহ্বান, স্থানীয় ও বৈশ্বিক এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম চূড়ান্ত করার লক্ষ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈঠককে কেন্দ্র করে নানা সমীকরণ ও প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, এই বৈঠকে সম্ভাব্য ব্যবসায়িক সুবিধা ও কমিশন বণ্টনের বিষয়েও গোপন দরকষাকষি হয়েছে।
অনুসন্ধানী তথ্যে জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি সরবরাহের তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ৬টিরই বাংলাদেশে স্থানীয় এজেন্ট বা ব্যবসায়িক সংযোগ রয়েছে এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেডের সঙ্গে। শুধু তা-ই নয়, বিপিসি ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ১০ জন সাবেক কর্মকর্তা অবসর গ্রহণের পর বিভিন্ন সময়ে এজাজের এই দুই প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন।
জ্বালানি খাতের মতো স্পর্শকাতর স্থানে এমন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের কারণে দরপত্রপ্রক্রিয়া, সরবরাহকারী নির্বাচন, দাম নির্ধারণ ও আমদানির সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গত ২৩ থেকে ২৬ নভেম্বর সিঙ্গাপুরে ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানির ‘প্রিমিয়াম নেগোশিয়েশন মিটিং’ অনুষ্ঠিত হয়। পাশাপাশি জ্বালানি আমদানির বিভিন্ন পরিচালনগত বিষয় নিয়েও সেখানে আলোচনার কথা ছিল। ওই বৈঠকের কার্যপত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল জিটুজি পদ্ধতিতে জ্বালানি ক্রয়ের সুযোগ, কোনো কোনো প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেবে, দেশি-বিদেশি প্রতিনিধি কারা হবেন এবং জ্বালানির দাম ও প্রিমিয়ামের হার কী হবে। তবে অভিযোগ উঠেছে, বৈঠকের নেপথ্যে মূল আলোচনা হয়েছে কমিশন বা প্রিমিয়াম ভাগাভাগি এবং ব্যবসায়িক সুযোগ পাইয়ে দেওয়া নিয়ে। সেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সম্ভাব্য সুবিধাভোগীদের উপস্থিতি স্বার্থের সংঘাতকে আরও স্পষ্ট করেছে।
অভিযোগ রয়েছে, সিঙ্গাপুরের এই বৈঠককালে এজাজুর রহমান অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন এবং কারও কারও হোটেল কক্ষে গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন। তবে বিষয়গুলোর সংবেদনশীলতা বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।
সরকারি নিয়ম অনুযায়ী, এসব সফরের ব্যয় বিপিসি বহন করে থাকে এবং দেশে ফেরার সাত দিনের মধ্যে ভ্রমণ-পরবর্তী প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। ফলে সিঙ্গাপুরের এই বৈঠকে মূলত কী আলোচনা ও সিদ্ধান্ত হলো এবং দেশের জ্বালানি আমদানিতে এর কী প্রভাব পড়বে, তা প্রকাশ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন খাতের বিশেষজ্ঞরা।
খাতসংশ্লিষ্ট সূত্রের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রে জ্বালানি আমদানিতে এজাজুর রহমানের আধিপত্য প্রতিষ্ঠা পায়। ওই সময় একাধিক আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব তাঁর প্রতিষ্ঠানের হাতে চলে যায়। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তৈরি এই প্রভাব বলয় ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরও বহাল রয় গেছে।
নথি ও তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে জিটুজি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেয় বিপিসি। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন বা মোট সরবরাহের ৭৮ শতাংশ কার্যাদেশ পেয়েছে এমন সব প্রতিষ্ঠান, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব রয়েছে এজাজুর রহমানের সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের হাতে। ক্ষমতা পরিবর্তনের পরও এই একচেটিয়া চিত্রে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
বিপিসির জুন-আগস্ট মেয়াদের চার প্যাকেজের দরপত্রেও ইউনিপেক সিঙ্গাপুর ও ভিটল এশিয়া বেশি কার্যাদেশ পায়, যাদের পেছনে এজাজের প্রতিনিধিত্ব রয়েছে বলে দাবি সূত্রের। এই চার প্যাকেজে সর্বোচ্চ সাড়ে ১১ লাখ টন জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় দাঁড়ায় ১৭ হাজার কোটি টাকার বেশি।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটের অজুহাতে সরবরাহ বিঘ্নিত হওয়ার পর জিটুজি চুক্তির তুলনামূলক কম প্রিমিয়ামের বদলে উন্মুক্ত দরপত্রে চড়া দামে জ্বালানি কিনতে বাধ্য হয় বিপিসি। এতে শুধু পিজি-২ প্যাকেজেই অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা)। তা ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতেও নসরুল হামিদের পরিবার ও এজাজুর রহমানের একই সিন্ডিকেটের প্রভাব বিস্তারের তথ্য পাওয়া গেছে।
বিপিসির ঢাকা লিয়াজোঁ অফিস এবং এজাজের ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটি একই ভবনে অবস্থিত হওয়ায় স্পর্শকাতর তথ্য ফাঁসের ঝুঁকি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। পুরো আমদানির প্রায় ৭৮ শতাংশ কাজ একই গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন থাকা, বিপিসির সাবেক কর্মকর্তাদের বেসরকারি সংস্থায় নিয়োগ ও সিঙ্গাপুরের রহস্যজনক বৈঠক নিয়ে দেশীয় জ্বালানি খাতের স্বচ্ছতা ফেরাতে এখনই উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের দাবি উঠছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা
১০ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ
১২ ঘন্টা আগে
সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা
২৩ ঘন্টা আগে