সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ
বিদ্যুৎ ও গ্যাসের মারাত্মক সংকট, ঋণের চড়া সুদহার, কাঁচামালের আকাশচুম্বী দাম এবং ব্যাংকিং খাতের জটিলতায় বড় ধরনের চাপের মুখে পড়েছে দেশের মাঝারি ও বৃহৎ শিল্প-কারখানাগুলো। উৎপাদন ব্যবস্থার বড় একটি অংশ অব্যবহৃত থাকার পাশাপাশি নতুন বিনিয়োগ, মূলধনী যন্ত্রপাতি ক্রয় ও নতুন কর্মী নিয়োগে স্থবিরতা তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, এক বছরের ব্যবধানে দেশের শিল্প-কারখানাগুলোতে মূলধনী যন্ত্রপাতি কেনার গড় ব্যয় প্রায় ৯৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম ধাপে এই হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিআইডিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার এই তথ্যগুলো তুলে ধরা হয়।
জরিপে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, ইস্পাত, চামড়া ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ ১৪টি প্রধান খাতের মোট ১৩০টি মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের উপাত্ত বিশ্লেষণ করা হয়, যা দেশের বড় ও মাঝারি শিল্পের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে প্রতিষ্ঠান প্রতি যন্ত্রপাতি কেনায় যেখানে ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হতো, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা অস্বাভাবিকভাবে কমে মাত্র ১১ লাখ টাকায় নেমে এসেছে। ফলে যন্ত্রপাতি ক্রয়ের গড় ব্যয় হ্রাস পেয়েছে ৯৪ শতাংশের মতো। উদ্যোক্তাদের মতে, বর্তমান উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত না হওয়ায় নতুন যন্ত্রপাতি বা কারখানায় টাকা ঢালতে ভয় পাচ্ছেন তারা।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে সার্বিক শিল্প উৎপাদন আগের বছরের তুলনায় ০.৪ শতাংশ কমেছে। এ সময়ে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়ায়। অর্থাৎ উৎপাদকদের মোট সক্ষমতার প্রায় ৩৪ শতাংশই অব্যবহৃত থেকে যাচ্ছে। বিশেষ করে বস্ত্র খাতে সক্ষমতা ব্যবহারের হার সবচেয়ে বেশি কমেছে, যা ২০২৫ সালের ৭৩ শতাংশ থেকে নেমে এসেছে ৫৫ শতাংশে।
শিল্পের এই মন্দার জন্য সবচেয়ে বেশি দায়ী জ্বালানি সংকট। জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ শিল্পমালিকই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস না পাওয়াকে ব্যবসার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন। গ্রিড বিদ্যুতে দৈনিক গড়ে ৪.১ ঘণ্টা এবং পাইপলাইনের গ্যাসে ৩.২ ঘণ্টা বিঘ্ন ঘটছে বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা। এতে জ্বালানির বিকল্প হিসেবে এলপিজি ও জেনারেটর পরিচালনায় তাদের খরচ বহুগুণ বেড়েছে।
জ্বালানির পাশাপাশি চড়া সুদের হার, পরিবহন খরচ বৃদ্ধি ও কাঁচামাল সংগ্রহের সংকটও শিল্প উদ্যোক্তাদের ভোগাচ্ছে। জরিপভুক্ত কারখানায় কাঁচামাল বাবদ ব্যয় বেড়েছে ১২ শতাংশ এবং পণ্য পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ। উচ্চ পরিচালন ব্যয়ের কারণে প্রায় ৬১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে যে তাদের মুনাফা তলানিতে গিয়ে ঠেকেছে।
উৎপাদন কমায় তার প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। জরিপ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোতে মোট কর্মীর সংখ্যা ১ শতাংশ হ্রাস পেয়ে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে নেমেছে এবং নতুন কর্মী নিয়োগের হার ১৯ শতাংশ কমেছে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার দেশের অর্থনীতিকে উৎপাদনমুখী ও বিনিয়োগবান্ধব করতে বদ্ধপরিকর। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জ্বালানি ঘাটতি মেটাতে আগামী এক বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ৩০টি নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ মনে করছেন, আগামী দিনগুলোতে শিল্প খাতে উৎপাদন ফেরাতে হলে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ব্যাংকিং খাতের জটিলতা ও চড়া ঋণের সুদহার কমানো জরুরি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি
১৮ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক
১ দিন আগে
বিনিয়োগ স্থবিরতা | অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা
১ দিন আগে