ইকবাল আহ্বায়ক ও মুকুল সদস্য সচিব : আলমডাঙ্গায় নজরুলবর্ষ বাস্তবায়ন প্রস্তুতি কমিটি গঠন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইকবাল আহ্বায়ক ও মুকুল সদস্য সচিব : আলমডাঙ্গায় নজরুলবর্ষ বাস্তবায়ন প্রস্তুতি কমিটি গঠন
নজরুলের কবিতায় যে বিদ্রোহ, গানে যে মানবতার ডাক, আর সাহিত্যে যে সাম্য ও অসাম্প্রদায়িকতার দীপ্তি—সেই চেতনা শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে পেশাজীবিদের নিকট পৌঁছে দিতে আলমডাঙ্গায় শুরু হয়েছে ‘নজরুলবর্ষ’ পালনের প্রস্তুতি। কবির সৃষ্টি কর্মজীবী মানুষের জীবন ও মননের সঙ্গে যুক্ত করার প্রত্যয়ে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ‘নজরুলবর্ষ’ বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন মিয়াকে আহ্বায়ক এবং সাংবাদিক-সাহিত্যিক রহমান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিতে প্রতিফলিত মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে সমাজের বিভিন্ন পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ এ কর্মসূচি হাতে নিয়েছে। জেলা পরিষদের উদ্যোগে এ ধরনের আয়োজন এবারই প্রথম।
কবির চেতনা কেবল বইয়ের পাতায় নয়—মানুষের জীবনযাপন, শ্রম, স্বপ্ন ও অধিকারের সঙ্গেও যে গভীরভাবে যুক্ত, সেই উপলব্ধি থেকেই আয়োজনটিকে জনসম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফের উদ্যোগে নেওয়া এ কর্মসূচিকে সভায় সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে দেখা হয়।
আলমডাঙ্গা কলা কেন্দ্রের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা অরিন্দম সংগঠনের সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত এবং চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক।
প্রভাষক খায়রুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অমল কুমার বিশ্বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউলশিল্পী আব্দুল লতিফ শাহ, সাহিত্যিক আনোয়ারুল ইসলাম সাগর, গল্পকার পিন্টু রহমান, কবি গোলাম রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল কুমার কর্মকার, নাট্যজন মিজানুর রহমান, বংশীবাদক খোকন মিয়া, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, আলমডাঙ্গা সরকারি কলেজের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিউল হুদা, সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া জেসমিন, হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, সিনিয়র সহকারী শিক্ষক এএসএম শাহজাহান ঝন্টু, সহকারী শিক্ষক মহসিন কামাল, তবিবুর রহমান ও সীমা সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নোয়াজেশ হোসেন, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাস এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব পরিমল কুমার ঘোষসহ অনেকে।
সভায় ‘নজরুলবর্ষ’ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে নজরুলসংগীতের বিভিন্ন শাখা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ আয়োজনের বিশেষত্ব থাকবে অংশগ্রহণের ক্ষেত্রে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাইরে বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এতে নজরুল কেবল সাংস্কৃতিক মঞ্চের কবি হয়ে থাকবেন না; তাঁর গান ও কবিতার সঙ্গে যুক্ত হবে কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ। কর্মব্যস্ত জীবনের ভেতর থেকেই তাঁরা আবিষ্কার করবেন নজরুলের সেই মানুষকে, যিনি সাম্যের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং মানুষকে মানুষ হিসেবেই দেখার শিক্ষা দিয়েছেন।
আয়োজনের মূল লক্ষ্যও তাই—নজরুলকে শুধু স্মরণ নয়, জীবনের সঙ্গে যুক্ত করা। মানুষের মুখে মুখে তাঁর গান, কণ্ঠে তাঁর কবিতা এবং সামাজিক চেতনায় তাঁর মানবিক বোধ ছড়িয়ে দিয়ে আলমডাঙ্গায় ‘নজরুলবর্ষ’কে সত্যিকার অর্থে একটি জনসম্পৃক্ত সাংস্কৃতিক আয়োজন হিসেবে গড়ে তোলা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় 'দামুড়হুদা কৃষি হাট'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
১৬ ঘন্টা আগে
যুবলীগের ৩ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ
১৬ ঘন্টা আগে