সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় বৃদ্ধার বসতবাড়ির স্বাভাবিক যাতায়াতের পথ অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু রাস্তা বন্ধ করাই নয়, প্রতিবাদ করায় বাঁশ দিয়ে পিটিয়ে একই পরিবারের তিন সদস্যকে আহত করারও খবর পাওয়া গেছে। মারধরের ঘটনায় বৃদ্ধার মেয়ের ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিতরা হলেন কাজিপুর গ্রামের মৃত ইয়াদ আলীর স্ত্রী বৃদ্ধা ডালিমন নেছা, তাঁর মেয়ে নিহারন নেছা এবং ছেলে নাহারুল ইসলাম। দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি পক্ষ তাঁদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে এবং বসতবাড়ি ছাড়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে পরিবারের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিমন নেছার স্বামী মৃত ইয়াদ আলীর সাড়ে ১৬ শতক জমি ছিল। পারিবারিক প্রয়োজনে ও মেয়ের বিয়ের খরচ মেটাতে ওই জমির কিছু অংশ প্রতিবেশী আরজেল, বাবুল হোসেন ও আবুল হোসেনের কাছে বিক্রি করা হয়। তবে সাড়ে পাঁচ শতক জমি কেনার পর থেকেই ক্রেতারা বৃদ্ধার পরিবারের চলাচলের স্বাভাবিক পথটি বাঁশের বেড়া দিয়ে আটকে দেন। এতে করে পরিবারটির বাড়ি থেকে বের হওয়ার পথটি বন্ধ হয়ে যায় এবং বর্তমানে তাঁরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, অবরুদ্ধ পথ উন্মুক্ত করার কথা বললে প্রতিপক্ষের লোকজন উল্টো তাঁদের ওপর চড়াও হন। সম্প্রতি বাকবিতণ্ডার একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে পরিবারের তিনজনকে আহত করা হয়, যার মধ্যে নিহারন নেছার হাত ভেঙে যায়।
উল্লেখ্য, গত বছরও একই ঘটনা ঘটিয়ে পথ অবরুদ্ধ করা হয়েছিল। সে সময় গাংনী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করে পথ খুলে দেওয়ার নির্দেশনা দেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা পুলিশের নির্দেশের পরও অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনের হস্তক্ষেপে সাময়িকভাবে পথটি উন্মুক্ত করা হলেও বছর না ঘুরতেই পুনরায় তা বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে প্রতিবেশীরা জানান, অসহায় পরিবারটির প্রবেশপথ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি। বর্তমানে প্রভাব বিস্তার করে অসহায় পরিবারটিকে কোনঠাসা করে রাখা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের বাড়িসংলগ্ন এলাকায় গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি। তবে কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন জানান, বিষয়টি অত্যন্ত অমানবিক। গত বছর স্থানীয়ভাবে পদক্ষেপ নিয়ে পথটি চলাচলের উপযোগী করা হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করা ও চলাচলের পথ সচল রাখতে অসহায় পরিবারটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
৩ ঘন্টা আগে