সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ছয় বছর পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সংগৃহীত স্বর্ণালঙ্কার, রুপা ও বৈদেশিক মুদ্রা দীর্ঘ ছয় বছর পর গণনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমের সূচনা হয়।
কালেক্টরেটের ট্রেজারিতে এতদিন সংরক্ষিত রাখা ৯টি মাঝারি আকারের প্লাস্টিক কনটেইনার এবং ৬টি সিলগালা খাম খুলে মূল্যবান স্বর্ণ-রুপার ওজন নির্ধারণ, স্বর্ণের ক্যারেট বা গুণগত মান পরীক্ষা এবং দেশের ওপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রা পৃথক করা হচ্ছে। পরবর্তীতে স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ এবং বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় মূল্য অনুযায়ী রূপান্তর করে মসজিদের তহবিলে জমা দেওয়া হবে।
গণনা ও ওজন নির্ধারণ কার্যক্রমের সূচনাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ৯ সদস্যের উপকমিটি সম্পূর্ণ প্রক্রিয়াটির তদারকি করছে। যাচাই-বাছাই ও পরিমাপের কাজে সহায়তা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার বাহিনীর সদস্য, ব্যাংক কর্মকর্তা এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ১০ জন বিশেষজ্ঞ স্বর্ণকার।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানসিন্দুকে জমা হওয়া ৩ বছরের সংগৃহীত ৪২০ ভরি স্বর্ণ ও ১৮৮ ভরি রুপা ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকায় নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সেই সময় পাওয়া বৈদেশিক মুদ্রা বিনিময় করে ৭০ লাখ টাকা পাওয়া গিয়েছিল।
উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল, যেখান থেকে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায়। এর বাইরে মসজিদের নিজস্ব ওয়েবসাইটের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এ পর্যন্ত ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী ভক্ত ও দর্শনার্থীদের দেয়া নগদ অর্থ ও দান সামগ্রী নির্দিষ্ট সময় পর পর গণনা করে সরকারি ব্যাংকে সংরক্ষিত রাখা হয়।