লগইন
যখন ঘুষ ও চাঁদাবাজিও সমাজের 'নিয়ম'
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৬ | ০৮:০০ সকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মতামত
নিপাতনে সিদ্ধ | যখন ঘুষ ও চাঁদাবাজিও সমাজের 'নিয়ম'

আমাদের জিলা স্কুলের পণ্ডিত স্যার ব্যাকরণের তালিম দিতেন। ণত্ব বিধান, ষত্ব বিধান, বানানরীতি, সন্ধিবিচ্ছেদ, লিঙ্গ, লিঙ্গান্তর, ভাব সম্প্রসারণ, বিভক্তি, এক কথায় প্রকাশ—সবই তিনি ছাত্রছাত্রীদের শেখাতে চাইতেন। তিনি বলতেন, সবকিছু সূত্র মেনে চলে, নিয়মের বাইরে কিছু নেই। তবে একদিন তিনিই জানান, নিয়মের বাইরেও কিছু হয় বৈকি। সেটা অনিয়ম নয়, বরং ব্যতিক্রম।

ব্যাকরণে যখন কোনো শব্দ বা শব্দগঠনের রূপ সাধারণ নিয়মে ব্যাখ্যা করা যায় না, অথচ বিশেষভাবে সেটি স্বীকৃত, তখন তাকে নিপাতনে সিদ্ধ বলা হয়। জীবনে আমাদের সন্ধি করেই চলতে হয়, কিন্তু কোনো শব্দের ক্ষেত্রে যখন সাধারণ নিয়মে সন্ধি সিদ্ধ হয় না, অথচ সন্ধিটি জরুরি, তখন পথ দেখান নিপাতন বাবু। তিনিই শাস্ত্রমতে অসম্ভব সন্ধির পথকে সিদ্ধ করে দেন। কেতাব বলছে, যে সন্ধি প্রচলিত স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধির সাধারণ নিয়মে ব্যাখ্যা করা যায় না, কিন্তু বিশেষভাবে স্বীকৃত, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

পণ্ডিত স্যার বলেছিলেন, ব্যাকরণের কিছু শব্দ আছে, যেগুলো সাধারণ নিয়ম মানে না। অথচ সেগুলোর বানান ভুল নয়। আমরা জেনেছিলাম, সব শব্দকে নিয়মের মধ্যে ফেলা যায় না। কিছু শব্দের বেলায় নিয়ম খাটে না; সেগুলোকে বিশেষভাবে মেনে নিতে হয়। কেন মেনে নিতে হবে, তারও খুব সন্তোষজনক ব্যাখ্যা সেদিন স্যার দিতে পারেননি। কেবল বলেছিলেন, এটাই নিয়ম। ব্যাকরণে তাদের একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তারা নিপাতনে সিদ্ধ।

স্যার আজ আর বেঁচে নেই। একাত্তরে দশানির মোড়ে পাকিস্তানি মিলিটারিরা তাঁকে হত্যা করে।

কালের পরিক্রমায় 'নিপাতনে সিদ্ধ' যেন একটি শিল্প বা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমলা থেকে মন্ত্রী, ব্যক্তিত্ব থেকে মিত্র—কেউই আর নিপাতনে সিদ্ধ গাছের ছায়া থেকে সরছেন না। বরং সেই গাছের সেবাযত্ন আর গবেষণায় মন দিয়ে কাজ করছেন। ক্রমে স্পষ্ট হচ্ছে, ব্যাকরণে নিপাতনে সিদ্ধের যে ব্যবস্থা আছে, আমাদের সমাজেও তার রমরমা অবস্থা।

আজ থেকে ঠিক ১২ বছর আগে (১১ নভেম্বর ২০১৪) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম হলে গিয়েছিলেন তৎকালীন 'ডোন্ট কেয়ার' অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পোশাকশ্রমিকদের গৃহনির্মাণে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের সাক্ষী হওয়া ছিল তাঁর উদ্দেশ্য। সেখানে গিয়ে তিনি আচমকা এক বয়ান দেন, “যেটা (ঘুষ) কোনো কাজের গতি আনে, আমি মনে করি, সেটা অবৈধ নয়। উন্নত দেশগুলোতে এটাকে বৈধ করে দেওয়া হয়েছে, তবে ভিন্ন নামে।”

সেদিন প্রেসক্লাবে এক ঠোঁটকাটা বন্ধু টিপ্পনী কেটেছিলেন, “শুধু ঘুষ নয়, কখনো কখনো ঘুষিতেও কাজের গতি আসে। তবে কি সেটাও নিপাতনে সিদ্ধ হবে?” বলা বাহুল্য, এমন কথা সেদিন কেউ ছাপেনি বা জোর গলায় বলেনি। তবে এর মধ্যে ঘুষ, গায়ের জোর, এমনকি খুনখারাবিও যে সিদ্ধ হয়ে গেছে, সেটা না বললেও চলে।

সাধারণ মানুষ আইন ভাঙলে অপরাধী, আর ক্ষমতাবান কেউ আইন ভাঙলে বলা হয়, পরিস্থিতির কারণে এমনটা হয়েছে, অথবা মানসিক সমস্যা! তখন তাঁকে মানসিক সাহারা দেওয়ার কথা বলা হয়।

'নিপাতনে সিদ্ধ' ক্যাটাগরির মধ্যে জায়গা করে নিয়েছে 'বিশেষ বিবেচনা' মার্কা আরেক অনাচার। 'বিশেষ বিবেচনা' শব্দটি শুনতে ভালো। এর ব্যাকরণিক সংজ্ঞা জানা নেই, তবে মনে হয় এটিও নিপাতনে সিদ্ধেরই কোনো নিকটকুটুম্ব হবে।

কোনো কাজে সরকারি অফিসে গিয়ে আপনি হয়তো অপেক্ষায় আছেন। নিয়ম মেনে আপনাকে এগোতে হচ্ছে—আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, নির্ধারিত স্থানে নির্ধারিত ফি জমা—নিয়মের কোনো ব্যতিক্রম নেই। হঠাৎ দেখলেন, একজন এলেন, দেখলেন, জয় করলেন! তাঁর কাগজপত্র নেই, আবেদন নেই, ফি জমা দেওয়ারও প্রয়োজন হলো না। কাজটি হয়ে গেল। জানতে চাইলে কর্মকর্তা বললেন, বিশেষ বিবেচনায় করা হয়েছে।

আমাদের সমাজে নিয়মের প্রয়োগও বেশ বিচিত্র। সাধারণ মানুষ সরকারি সম্পত্তি দখল করলে অপরাধ, প্রভাবশালী কেউ দখল করলে সেটি হয় উন্নয়ন প্রকল্প। সাধারণ মানুষ উপহার দিলে সেটি সন্দেহজনক, আর ক্ষমতাবান কেউ উপহার গ্রহণ করলে সেটি সৌজন্য।

সম্প্রতি আগের একজন 'ডোন্ট কেয়ার' মন্ত্রীর জায়গা নিয়েছেন কয়েকজন। তাঁদের একজন সম্প্রতি (১০ নভেম্বর ২০২৬) বলেছেন, “ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।” মন্ত্রী ঢাকার আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে এই বয়ান দিয়ে হাততালি কুড়িয়েছেন। উপহার! স্পিড মানি! অর্থ একই, লেনদেন একই, কিন্তু নাম বদলে গেছে। ব্যাকরণে একে কী বলা হবে, জানি না। তবে সামাজিক অভিধানে এটি 'নিপাতনে সিদ্ধ'। অবশ্য সমালোচনা শুরু হলে তিনি বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সালাম, আসাদ, মতিউর, নূর হোসেন, আবু সাঈদের সঙ্গে এর চেয়ে বড় উপহাস আর কী হতে পারে? একদল নিয়ম ভাঙলে শাস্তি পাবে, আরেক দল নিয়ম ভাঙলে নিয়মের নতুন ব্যাখ্যা তৈরি হবে। সেই পথে চাঁদা এখন 'সমঝোতার ভিত্তিতে লেনদেন'।

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সচিবালয়ে সাংবাদিকদের নসিহত করার সময় অন্য এক নতুন মন্ত্রী এ রকম নতুন বন্দোবস্তের বাণী শুনিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, “সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি এই চাঁদা দেখছি না।”

তাঁর ব্যাখ্যা ছিল:

  • বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো নিজেদের কল্যাণে টাকা সংগ্রহ করে।
  • তারা সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট হারে টাকা নেয়।
  • কেউ দিতে না চাইলে বা জোর করে আদায় করলে সেটি চাঁদাবাজি।
  • সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহকে চাঁদাবাজি বলা কঠিন।

আমাদের শিক্ষাব্যবস্থায় ছাত্রদের শেখানো হয়, নিয়মের ব্যতিক্রম মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসে, কোনটি নিপাতনে সিদ্ধ? ছাত্ররা মুখস্থ করে উত্তর লেখে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, সমাজে কারা নিপাতনে সিদ্ধ, তাহলে উত্তর দিতে গিয়ে শিক্ষকেরও বিপদ হতে পারে।

তবে বইয়ের ব্যাকরণ আর সমাজের মধ্যে একটি পার্থক্য আছে। ব্যাকরণে নিপাতনে সিদ্ধ শব্দের সংখ্যা সীমিত। সমাজে তাদের সংখ্যা ক্রমে বাড়ছে। ব্যাকরণের বইয়ে তাদের জন্য কয়েকটি পৃষ্ঠা বরাদ্দ। সমাজে তাদের জন্য আলাদা কোনো অধ্যায় নেই। তারা সর্বত্র বিরাজমান। কোনো সীমা-পরিসীমা নেই। ‘স্কাই ইজ দ্য লিমিট’। কোথায় যেন শুনেছিলাম, কে যেন সীমা লঙ্ঘনকারীদের হিসাব বুঝিয়ে দেন। স্যরি!

গওহার নঈম ওয়ারা লেখক ও গবেষক।

মতামত লেখকের নিজস্ব

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

৫১ মিনিট আগে
মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন, নেতৃত্বে বিপ্লব ও রমিক

সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

৫১ মিনিট আগে
সহনশীলতাই প্রাক-শর্ত গণতান্ত্রিক ব্যবস্থার

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

১ ঘন্টা আগে
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার, সিনালোয়ায় সহিংসতা

শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

৩ ঘন্টা আগে
শাহজালাল বিমানবন্দরে ১১.৬৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

৩ ঘন্টা আগে
আরাফাতসহ ১৩ বাংলাদেশির সফল পদক জয়, আরাফাত নবম স্থানে

পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

৫ ঘন্টা আগে
পটুয়াখালীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আ.লীগের সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাদের বাসভবন ভাঙচুর

ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

৫ ঘন্টা আগে
ডিসেম্বরে বিয়ের কথা জেনে পোশাকশ্রমিক নূপুরকে কোপ, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

৭ ঘন্টা আগে
শিল্পমন্ত্রী, বাড়ছে ক্ষুদ্র ঋণের সীমা

রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

৭ ঘন্টা আগে
রাজনৈতিক আচরণ ফিরলে তবেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ, বললেন হাসনাত কাইয়ূম

আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অস্ত্র ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : দা-বল্লম-চাকু, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।