সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি জিতল ইউল্যাব
অনবদ্য পারফরম্যান্স, দর্শকদের উচ্ছ্বাস আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামল বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
টুর্নামেন্টের শুরু থেকেই টানা জয়ে অপরাজিত থাকা দুই সেরা দল ইউল্যাব ও সোনারগাঁও ইউনিভার্সিটির ফাইনাল ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা। ফ্লাডলাইটের আলোয় আয়োজিত এই ফাইনাল ম্যাচে দুই দলের ক্রিকেটারদের চমৎকার নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপস্থিত গ্যালারিভর্তি দর্শক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।
ফাইনাল ম্যাচটিকে ঘিরে আনভীর ক্রিকেট স্টেডিয়াম রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নিজস্ব বিশ্ববিদ্যালয়ের সমর্থনে গ্যালারিতে চলা স্লোগানে পুরো টুর্নামেন্টে যোগ হয় আলাদা মাত্রা।
খেলা শেষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ।
পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা। অতিথিরা বিজয়ী ইউল্যাব ও রানার্সআপ সোনারগাঁও ইউনিভার্সিটির হাতে শিরোপা ট্রফি, মেডেল এবং প্রাইজমানির চেক তুলে দেন।
শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও ইউল্যাবের খেলোয়াড়দের জয়জয়কার দেখা গেছে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউল্যাবের ফারহান জানি। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের জাকিরুল আহমেদ জেম টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেরা বোলার হওয়ার গৌরব অর্জন করেন ইউল্যাবের এম এইচ রাকিব। অপরদিকে, গ্যালারিতে সেরা সমর্থনের জন্য ফ্যান কাপ পুরস্কার অর্জন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা ও সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে আনভীর বসুন্ধরা গ্রুপের সার্বিক উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির ব্যবস্থাপনায় এই ক্রিকেট আসরের আয়োজন করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দিকনির্দেশনা ও এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে নির্মিত বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো তরুণ খেলোয়াড়দের উঠে আসার দারুণ এক প্ল্যাটফর্ম তৈরি করেছে। আয়োজকরা আশা করছেন, এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেটে নতুন সম্ভাবনাময় প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?
১৪ ঘন্টা আগে
হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
২৩ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী
১ দিন আগে