সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন
চলতি পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চ সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। শুক্রবার কক্সবাজার থেকে ছেড়ে আসা চারটি বিলাসবহুল পর্যটকবাহী জাহাজে চড়ে মোট ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপে পৌঁছান। গত ৫ নভেম্বর নৌপথে জাহাজ চলাচল শুরু হওয়ার পর এক দিনে এটিই সর্বোচ্চ পর্যটক আগমনের রেকর্ড। এর আগে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ জনের মতো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করছিলেন।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, চলাচলকারী চারটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা তিন হাজারের বেশি। তবে শুক্রবার ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপে গেছেন। ভ্রমণকারীদের অর্ধেকেরও বেশি দ্বীপে রাত যাপন করবেন এবং বাকিরা দ্বীপ ঘুরে একই জাহাজে কক্সবাজারে ফিরে আসবেন।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে প্রতিদিন সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যায়। ঘাটে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ এবং এমভি মালঞ্চ নামের চারটি জাহাজ অবস্থান করছিল। সকালে টিকিট পরীক্ষা ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে সকাল সাতটার দিকে জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর একটা থেকে দেড়টার মধ্যে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে পর্যটকেরা নিরাপদে দ্বীপে পৌঁছান।
সংগঠন সূত্রে জানা যায়, এমভি বার আউলিয়ায় ৫৯৩ জন, এমভি কর্ণফুলী এক্সপ্রেসে ৫০৩ জন, এমভি টেকনাফে ৪১৯ জন এবং এমভি মালঞ্চে ২৪২ জন যাত্রী সেন্ট মার্টিন পৌঁছান। এমভি মালঞ্চের ব্যবস্থাপক আবদুস সাত্তার জানান, সাগরের পরিবেশ শান্ত থাকায় যাত্রীরা নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছেন।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুর রহমান জানান, দুপুরে জাহাজগুলো সেন্ট মার্টিন জেটিতে পৌঁছানোর পর পর্যটকেরা দ্বীপে নেমে ঘুরে দেখেন। কিছু পর্যটক বিকেল সাড়ে চারটার ফিরতি জাহাজে কক্সবাজার ফিরে গেলেও বর্তমানে দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। পর্যটকদের থাকার জন্য দ্বীপে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে, যেগুলোর ধারণক্ষমতা প্রায় ছয় হাজার।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক গমনাগমন উন্মুক্ত রয়েছে। এ সময় দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ ও অবস্থান করার নিয়ম রয়েছে। দ্বীপের প্রতিবেশ ও সামুদ্রিক প্রবাল রক্ষায় সরকার যে ১২ দফা বিধিনিষেধ জারি করেছে, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, পরিবেশ সুরক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। বিশেষ করে পরিবেশগত ঝুঁকি এড়াতে ছেঁড়াদিয়া দ্বীপে যাতে পর্যটকেরা প্রবেশ করতে না পারেন, সেজন্য সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।