সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন দখলের অপচেষ্টায় ৩৪ বিশিষ্ট নাগরিকের তীব্র ক্ষোভ, রাষ্ট্রীয় সুরক্ষার দাবি
মহান ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লাস্থ পৈতৃক বাসভবন দখলের অপপ্রয়াসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক। পরিবারের সম্মতিক্রমে ঐতিহ্যবাহী এই বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা প্রদানের জন্য জোর দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নাগরিকরা এই আহ্বান জানান।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে তাঁর স্বজনরা অভিযোগ করেছেন। সম্প্রতি ওই বাড়িতে অবৈধভাবে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে তারা দখলের অপচেষ্টা বলে চিহ্নিত করেছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট ব্যক্তিরা অনতিবিলম্বে ওই ঝুলানো সাইনবোর্ড সরিয়ে বাড়িটি পরিবারের পূর্ণ নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী কোনো প্রধান সড়কের নামকরণ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।
ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছিলেন এই মহান নেতা। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তাঁকে এবং তাঁর ছোট ছেলেকে নিজস্ব বাসভবন থেকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে সেনানিবাসে নির্মম নির্যাতনের পর তাঁদের হত্যা করা হয়। পেশায় প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্ট সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।
এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, তানজীমউদ্দিন খান, শাহনাজ হুদা, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, লেখক ও গবেষক রেহনুমা আহমেদ এবং বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী ও সালমা আলীসহ ৩৪ জন সুশীল সমাজের প্রতিনিধি। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা।