সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে দায় সরকারেরই | নাহিদ ইসলাম
পোশাকখাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে সম্পূর্ণ যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেছেন, সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় শ্রমিক অসন্তোষ এতোটা বিস্তার লাভ করেছে। যদি এই আন্দোলনে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী সুযোগ নিয়ে অনুপ্রবেশ করে থাকে, তবে তার পুরো দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে।
মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এনসিপির কর্মী সভা ও সুধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরে পোশাক শিল্পে অসন্তোষ ও আন্দোলনের সম্ভাবনা স্পষ্ট ছিল। সরকারের উচিত ছিল আগেই শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বসে আলোচনার মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা। কোনো ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে চিহ্নিত করে সরকার দায় এড়াতে পারে না। যদি এই আন্দোলনে নৈরাজ্য সৃষ্টিকারী কোনো গোষ্ঠী ঢুকে পড়ে থাকে, তবে তা গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা। গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দলগুলোর গতিবিধি নজরদারিতেই ব্যস্ত রয়েছে, দেশের বিরুদ্ধে কে কী ষড়যন্ত্র করছে সেদিকে তাদের কোনো নজর নেই।
ক্ষমতাসীন দল বিএনপিকে নিয়ে সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিয়ে চলেছে। তাদের এই স্পেস দেওয়ার কারণে আওয়ামী লীগ যদি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে, তবে সেই দায় বিএনপিকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, গত আট মাসে রাষ্ট্র পরিচালনায় বিএনপি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের আন্দোলন সামলানো কিংবা আইনশৃঙ্খলা রক্ষা করার মতো দক্ষতা নেই। দেশের মানুষ দেখেছে অন্তর্বর্তী সরকার কীভাবে আলোচনার টেবিলে সব আন্দোলন নিরসন করেছিল। বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থার চরম সংকট তৈরি হয়েছে বলেই রাজপথ শান্ত হচ্ছে না।
ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরে তিনি আরও জানান, ১১-দলীয় জোট একটি সংসদীয় জোট হিসেবে বহাল থাকলেও আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একক ও স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের নেতাকর্মীদের সেভাবেই সারা দেশের আঞ্চলিক সমাবেশের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো অপপ্রচার রাজপথেই প্রতিরোধ করা হবে। ১৯৭১ সালের মতোই ডিসেম্বর থাকবে বীর জনতার অধীনে। এছাড়া ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ সমাপ্তি নিয়ে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নতজানু নীতির কারণে বর্তমান সরকার নতুন চুক্তি দূরে থাক, পুরোনো চুক্তির মেয়াদ নবায়ন করতেও ব্যর্থ হচ্ছে; উল্টো তারা ভারতকে কীভাবে করিডোর সুবিধা দেওয়া যায় তা নিয়ে ব্যস্ত।
উক্ত কর্মী সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।