সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৪০ বছরে ১৩৫টি বিয়ে দিয়েছেন 'আলিয়ার ঘটক'
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ৬৫ বছর বয়সী বাসিন্দা আলিয়ার। তবে পুরো এলাকায় তিনি এক নামে সুপরিচিত—'আলিয়ার ঘটক'। গত ৪০ বছর ধরে তিনি নিবেদিত প্রাণ হিসেবে ঘটকালি পেশায় যুক্ত থেকে অন্তত ১৩৫টি বিয়ের আয়োজন সফলভাবে সম্পন্ন করিয়েছেন।
নিজের কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে আলিয়ার ঘটক বলেন, যখন তিনি কোনো গ্রামে পাত্র বা পাত্রী দেখতে যান, তখন সেই বিয়ে চূড়ান্ত না হওয়া পর্যন্ত সেখানে মুখে খাবার গ্রহণ করেন না। তার এই নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে শত শত নতুন জীবনের গল্প শুরু হয়েছে।
শুধু শুভ পরিণয় ঘটানোই নয়, গত ৩৫ বছর ধরে ভবানীপুর পান বাজারে টিনের চাল আর পাটকাঠির বেড়া দেওয়া একটি ছোট্ট হোটেল পরিচালনা করছেন তিনি। সেখানে তিনি নিজেই রান্না করেন এবং তার হাতের সুস্বাদু খাবারের টানে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান।
তবে ব্যবসার চেয়েও তার সবচেয়ে বড় গুণ হলো তার মানবিকতা। আলিয়ার ঘটকের হোটেলে প্রতিদিন অসহায়, নিস্ব ও ভিক্ষুকরা বিনেপয়সায় খাবার পেয়ে থাকেন। কাউকেই তিনি খালি হাতে বা অভুক্ত ফিরিয়ে দেন না। ফলে এলাকা জুড়ে ঘটক হিসেবে পরিচিতির পাশাপাশি একজন কোমল হৃদয়ের মানবিক মানুষ হিসেবেও সবার কাছে তার আলাদা সুনাম রয়েছে।