সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনিই চূড়ান্ত মালিক নন | জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার
ব্যাংক হিসাব বা সঞ্চয়পত্র খোলার সময় নমিনি নির্ধারণের প্রক্রিয়াটি অনেকেই একটি সাধারণ আনুষ্ঠানিকতা বলে মনে করেন। তবে আমানতকারীর মৃত্যুর পর এই নমিনিকে কেন্দ্র করেই তৈরি হয় নানা জটিল আইনি বিরোধ। অনেকেই ধারণা করেন, নমিনি হওয়া মানেই জমা রাখা সব টাকার একক মালিক হয়ে যাওয়া। তবে আইনি ব্যাখ্যা ও আদালতের বিভিন্ন পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা—নমিনি মূলত অর্থের চূড়ান্ত মালিক নন, বরং তিনি প্রকৃত উত্তরাধিকারীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার একজন জিম্মাদার বা ট্রাস্টি মাত্র।
বাস্তব জীবনে নমিনি এবং বৈধ উত্তরাধিকারীদের মধ্যে অর্থের মালিকানা নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের একাধিক নজির রয়েছে। যেমন, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক মো. শহীদুল হক চৌধুরীর মৃত্যুর পর তাঁর সঞ্চয়পত্রের ৩০ লাখ টাকা নিয়ে জটিলতা তৈরি হয়। তিনি দ্বিতীয় স্ত্রী বিলকিস আরা বেগমকে শতভাগ নমিনি করেছিলেন। তবে তাঁর মৃত্যুর পর প্রথম সংসারের সন্তানেরা আইনগত উত্তরাধিকার অনুযায়ী ২৬ লাখ ২৫ হাজার টাকার দাবি তুলে উচ্চ আদালতে যান। ২০১৬ সালে হাইকোর্ট পর্যবেক্ষণ দেন যে, নমিনি আমানতকারীর মৃত্যুর পর ব্যাংক বা দপ্তর থেকে টাকা উত্তোলন করতে পারবেন ঠিকই, তবে সেই অর্থের ওপর সব উত্তরাধিকারীর আইনসম্মত অধিকার বহাল থাকবে।
একইভাবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০৩ ধারা এবং সরকারি ঋণ আইন, ২০২২-এর বিধান বিশ্লেষণ করলে দেখা যায়, আমানতকারীর মৃত্যুর পর ব্যাংক বা সঞ্চয় সংস্থা থেকে নমিনিকে টাকা বুঝিয়ে দিলে সংস্থাটি দায়িত্বমুক্ত হয়। কিন্তু এর অর্থ এই নয় যে, অন্যান্য বৈধ উত্তরাধিকারীরা তাঁদের প্রাপ্য অংশ দাবি করতে পারবেন না। যদি নমিনি অন্য উত্তরাধিকারীদের পাওনা দিতে অস্বীকার করেন, তবে সংক্ষুব্ধ ব্যক্তিরা আদালতের শরণাপন্ন হতে পারেন।
সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকারি ঋণ আইন, ২০২২ অনুযায়ী, আমানতকারী জীবিত থাকতেই একাধিক নমিনি নির্ধারণ, তাদের ভাগের শতাংশ ঠিক করা কিংবা যেকোনো সময় নমিনি পরিবর্তন করতে পারেন। কোনো কারণে নমিনি যদি অপ্রাপ্তবয়স্ক হন, তবে তাঁর পক্ষে অর্থ গ্রহণের জন্য একজন প্রতিনিধি বা অভিভাবক মনোনীত করে রাখা আবশ্যক। অন্যথায় আমানতকারীর মৃত্যুর পর আইনি অভিভাবক সেই দায়িত্ব পালন করবেন।
যদি সঞ্চয়পত্র বা ব্যাংক হিসাবে কোনো নমিনি না থাকে কিংবা মনোনীত সব নমিনিরই মৃত্যু ঘটে, সে ক্ষেত্রে ১৯২৫ সালের উত্তরাধিকার আইন অনুসারে উত্তরাধিকার সনদ (সাকসেশন সার্টিফিকেট) পেশ করতে হয়। তবে সরকারি ঋণ আইন অনুযায়ী ১ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম শিথিলের সুযোগ রাখা হয়েছে।
পারিবারিক কলহ ও আইনি জটিলতা এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো—হিসাব খোলা বা সঞ্চয়পত্র ক্রয়ের সময়েই ভবিষ্যৎ জটিলতার কথা মাথায় রেখে নমিনি নির্বাচন করা উচিত। এ ছাড়া বিয়ে, সন্তানের জন্ম কিংবা নিকটাত্মীয়ের মৃত্যুর মতো পারিবারিক পরিবর্তনের ক্ষেত্রে জীবদ্দশাতেই নমিনির তথ্য হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি।