সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা পেতে ক্যানসার আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। রোগ নির্ণয়ের নানা পরীক্ষা ও চিকিৎসার সিরিয়াল পেতে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতাল ভবনের সামনে আগের দিন মধ্যরাত থেকেই লাইন দিচ্ছেন। কিন্তু এ দীর্ঘ অপেক্ষার পরও সময়মতো কাঙ্ক্ষিত চিকিৎসা মিলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।
ক্যানসার ইনস্টিটিউটের রেডিওথেরাপি কিংবা অন্যান্য পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে চিকিৎসায় দেরি হওয়ায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে। ঢাকার বাইরের রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। চিকিৎসকদের মতে, রেডিওথেরাপি নির্দিষ্ট সময়ে দেওয়া না গেলে ক্যানসার রোগীর জীবন চরম ঝুঁকিতে পড়ে যায়। কিন্তু প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত যন্ত্রপাতি এবং শয্যাসংখ্যার তুলনায় জনবল কম থাকায় চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও হিমশিম খেতে হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ক্যানসারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবোক্যানের তথ্যমতে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয় এবং মারা যায় ১ লাখ ৩৮ হাজার জন। অর্থাৎ দেশে প্রতি ঘণ্টায় গড়ে ২১ জন নতুন ক্যানসার রোগী শনাক্ত হচ্ছে এবং ১৬ জন মারা যাচ্ছে। দেশে ক্যানসার চিকিৎসার প্রধান সরকারি কেন্দ্র হওয়া সত্ত্বেও জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে চরম জনবলসংকট ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। ৭০০ শয্যায় উন্নীত হলেও জনবল রয়েছে ৩০০ শয্যার পুরোনো কাঠামো অনুযায়ী। একই সঙ্গে অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল বা মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে আছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে ক্যানসার রোগীর তুলনায় চিকিৎসাকেন্দ্র ও রেডিওথেরাপি যন্ত্রের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। দেশজুড়ে যেখানে অন্তত ২০০ থেকে ২৫০টি রেডিওথেরাপি যন্ত্র প্রয়োজন, সেখানে সরকারি-বেসরকারি মিলিয়ে চালু রয়েছে মাত্র ৩১টি, যার অধিকাংশই ঢাকাকেন্দ্রীক। ক্যানসার চিকিৎসায় এ ধরনের অব্যবস্থাপনা ও অপ্রতুলতার কারণে সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে দিশেহারা হয়ে পড়ছেন। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেক গরিব রোগীর প্রাণহানিও ঘটছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং জেলাভিত্তিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন না হলে ক্যানসার রোগীদের দুর্ভোগ কমানো অসম্ভব।