সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইউআইইউ শিক্ষার্থীদের জন্য ঢাকার ৬ রুটে ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু
শিক্ষার্থীদের নিরাপদ, আরামদায়ক ও সময়োপযোগী যাতায়াত নিশ্চিত করতে ঢাকার ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) সকালে ইউআইইউ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিবহন সেবার উদ্বোধন করা হয়।
রাজধানীর তীব্র যানজট ও গণপরিবহনে ভিড়, পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মতো সমস্যাগুলো নিত্যদিনের। এসব ভোগান্তি লাঘব করে ছাত্রছাত্রীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এসময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই ১৮টি এসি বাস ঢাকার ধানমন্ডি, পলাশী, মিরপুর, সাইনবোর্ড, যাত্রাবাড়ী এবং উত্তরা – এই ছয়টি গুরুত্বপূর্ণ রুট থেকে ইউআইইউ ক্যাম্পাসের উদ্দেশ্যে চলাচল করবে। এতে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন এবং তাদের প্রতিদিনের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, “ইউআইইউ শুধু শিক্ষা কার্যক্রম নয়, শিক্ষার্থীদের যাতায়াতসহ অন্যান্য প্রয়োজনীয় সেবাকেও সমান গুরুত্ব দিয়ে আসছে। এই নতুন এসি বাসসেবা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং সময়ানুবর্তিতায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
মইনুদ্দিন হাসান রশীদ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থাও অপরিহার্য। ইউনাইটেড গ্রুপের সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধির জন্য এমন আরও পরিকল্পনা রয়েছে।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। রাজধানীর তীব্র যানজট ও গণপরিবহনের সীমাবদ্ধতার মাঝে এই নিজস্ব এসি বাসসেবা শিক্ষার্থীদের সময় ও নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও জানান, পর্যায়ক্রমে এই পরিবহনসেবা আরও সম্প্রসারিত করা হবে।
ইউআইইউর শিক্ষার্থী জান্নাতুন নাঈমা তানিশা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রাজধানীর যানজটের কারণে যাতায়াতে অনেক সময় নষ্ট হয়। নারী শিক্ষার্থীদের জন্য গণপরিবহন ব্যবহার করা বেশ চ্যালেঞ্জিং। নতুন এই ব্যবস্থা আমাদের নিয়মিত যাতায়াতে স্বস্তি দেবে।”
কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই ইউআইইউ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পরিবহনসেবা চালু রেখেছে। নতুন ১৮টি এসি বাস সংযোজনের মাধ্যমে এই সেবা আরও প্রসারিত হলো। ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরিবহন ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাফল্যের জয়গান: আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের রাজসিক সংবর্ধনা
৫ দিন আগে
সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, ও চিকিৎসক ডা. আবদুস সাত্তারের বর্ণাঢ্য কর্মময় জীবন
৫ দিন আগেযুক্তরাষ্ট্রে এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় চুয়েট দলের গৌরবময় প্রথম স্থান
৬ দিন আগে